উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না লোপেজ

ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘‘উই আর ওয়ান’ এর অন্যতম গায়িকা পপ তারকা জেনিফার লোপেজ উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে ফিফা নিশ্চিত করেছে। র্যাপ সঙ্গীত তারকা পিটবুল এবং ব্রাজিলিয়ান গায়িকা ক্লডিয়া লেইটির সাথে এবারের বিশ্বকাপের অফিসিয়ার থিম সংটি গেয়েছেন লোপেজ। সাও পাওলোতে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে থিম সংয়ের সাথে পারফর্ম করার কথা ছিল লোপেজের। কিন্তু প্রডাকশন নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ায় লোপেজ উদ্বোধনী অনুষ্ঠানে অন্য দুই সঙ্গীর সাথে পারফর্ম করতে পারছেন না বলে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে। ২৫ মিনিটের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৬০০ অংশগ্রহণকারী ব্রাজিলের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, শেকড় বিবর্তন, জীবনযাত্রা ফুটিয়ে তুলবেন যা বিশ্বের কয়েক মিলিয়ন সমর্থক কেউ সরাসরি মাঠে বসে কেউবা স্যাটেলাইটের কল্যাণে ঘরে বসে টেলিভিশনে উপভোগ করার সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে এক্রোবেটিক জিমন্যাস্টিকস, মার্শাল আর্টস-স্টাইল, ম্যাজিক প্রদর্শনী, লেজার লাইট শো। পুরো অনুষ্ঠান নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য সার্বিক আয়োজনের দায়িত্বে আছেন বেলজিয়ান আর্টিস্টিক ডিরেক্টর ডাফনো কর্নেজ। বাসস।