মনোহরগঞ্জের ৪১ প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষক নেই

কুমিল্লার মনোহরগঞ্জে ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এতে হুমকির মুখে পড়েছে মনোহরগঞ্জের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। অভিভাবকহীন এ প্রাথমিক বিদ্যালয়গুলো যেন মাঝিবিহীন নৌকায় পরিণত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদটি শূন্য। প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলো হলো, বুরপৃষ্ট, হাওরা, উদাইশ, মান্দারগাঁও, বড়চাঁদপুর, সরসপুর, সাহাপুর, ভাউপুর, মনিপুর, নরপাইয়া, বাদুয়াড়া, দৈয়ারা, পোমগাঁও, মৈশাতুয়া, হাজীপুরা শমশেরপুর, খরখরিয়া, কান্দিরপাড়, লক্ষণপুর, তাহেরপুর, বরল্লা, ফেনুয়া, পরানপুর, ডুমুরিয়া, নোয়াগাঁও, জনতাবাজার, সাহাপুর পশ্চিম, ভাউপুর পূর্ব, শ্রীপুর, মির্জাপুর নরহরিপুর, দক্ষিণ নারায়ণপুর, বানঘর, হাতিয়ামুড়ি পশ্চিম, ঠেংগারবাম, উলুপাড়া, দক্ষিণ ফেনুয়া, বড় উত্তর হাওলা, নারারপাড়, বাতাচৌঁ, কাঁচি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া বর্তমান সরকারের ১৫০০ নতুন বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় মৈশাতুয়া ইউনিয়নের ছিখুটিয়া ও হাসনাবাদ ইউনিয়নের কাশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শিক্ষক নেই। অন্যান্য স্কুল থেকে ৩ জন করে ডেপুটেশনে দেয়া শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়গুলো। প্রধান শিক্ষক না থাকায় পাঠদানে বিঘ্ন ঘটার পাশাপাশি কাঙ্খিত ফলাফল অর্জনেও পিছিয়ে রয়েছে এই বিদ্যালয়গুলো। ভাল পড়ালেখার জন্য অনেক অভিভাবক বাচ্চাদের অন্যত্র নিয়ে যাওয়ার চিন্তা করছেন। অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বাচ্চাদের ভবিষ্যত্ নিয়ে তারা উদ্বিগ্ন।