জাতীয় প্রেসক্লাবের সদস্যপদের দাবিতে বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকরা আগামী ১৫ জুন রবিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবেন। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত গণমাধ্যমকর্মী ফোরামের আহ্বায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের ও বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেন, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৪ জুনের মধ্যে প্রেসক্লাব কর্তৃপক্ষ বঞ্চিত গণমাধ্যম কর্মীদের সদস্যপদ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা না করলে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষই দায়ী থাকবেন।