নেইমার এমবাপের নিশ্চয়তা নেই পিএসজি কোচের কাছে

ইউরোপীয় দলবদল

স্পোর্টস ডেস্ক

নেইমার ও কিলিয়ান এমবাপে পিএসজি ছেড়ে যেতে পারেন। এমন ধারণার কারণ ফরাসি ক্লাবটির কোচ টমাস টুখেল জানিয়েছেন এই জুটি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের দলে থেকে যাবেন এমন নিশ্চয়তা তিনি দিতে পারেন না।

কোচ টুখেল নতুন চুক্তির কারণে দীর্ঘমেয়াদে পিএসজিতে থাকছেন এমনটা বলা যায়। কিন্তু সাবেক বার্সেলোনা তারকা নেইমারের লা লিগায় ফিরে যাওয়ার গুঞ্জন থামছে না কিছুতেই। অপরদিকে শীর্ষ গোলদাতা এমবাপেও আভাস দিয়েছেন ‘নতুন কিছু’ পেলে তিনিও উদ্দীপ্ত হতে পারেন।

টুখেলের কাছে গত রবিবার মোনাকো গ্রপ্রিতে দুজনের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল।  জার্মান কোচটি তখন স্কাই স্পোর্টসকে বলেছিলেন, ‘আমি এসবে অভ্যস্ত। এখন মে চলছে, আমি এখন যেসব কথাবার্তা বলবো আগামী মাসে গিয়ে সেসব সত্যতা নাও থাকতে পারে। ব্যাপারগুলো এরকমই। অনেক জল্পনাকল্পনার মানে হলো আমাদের অনেক গুণপনা ও মেধা আছে।’

তিনি আরো বলেন, ‘কোচ হিসেবে আমার চাওয়াটা একদম পরিষ্কার। আমি চাই আমার সব খেলোয়াড়রা পিএসজিতে এবং আমাদের চলমান পরিকল্পনায় থাকুক। কাজ তো এখনো শেষ হয়নি, এটা মাত্রই শুরু হয়েছে।’

বিশ্বকাপ জয়ী এমবাপে ফরাসি লিগের নতুন রেকর্ড ৩৩ গোল করেছেন। তার এ নৈপুণ্যে পিএসজি শিরোপা ধরে রাখে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি গোল করেন ৩৯টি। অপরদিকে নেইমার লিগে গোল করেছেন ১৫টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করেছেন তিনি পিএসজির হয়ে। তবে এত কিছুর পরও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিতে বাধ্য হয়।