একরাম হত্যার ঘটনায় আটক ২ জন রিমান্ডে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যার ঘটনায় আটক সাইদুল ইসলাম পবন (১৭) ও আরমান হোসেন কাউসারকে (১৮) তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বিকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমিন এ আদেশ দেন। পুলিশ রবিবার ফেনী শহরের বিরিঞ্চি এল?াকা থেকে একরামের গাড়ির গতিরোধকারী পবন এবং বারাহিপুর থেকে কিলিং মিশনে অংশ নেয়া কাউসারকে গ্রেফতার করে। এ নিয়ে একরাম হত্যার ঘটনায় পুলিশ ও র্যাব এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে। গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে একরামুল হককে গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একরাম হত্যা মামলার প্রধান আসামি মিনার হূদরোগ ইন্সটিটিউটে ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন মিনারকে চিকিত্সার জন্য ঢাকায় জাতীয় হূদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ফেনী সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। এর আগে ২৩ মে আদালত উচ্চ ডায়াবেটিকস ও হূদরোগের জন্য মিনারের যথাযথ চিকিত্সার নির্দেশ দেয়। সোমবার সন্ধ্যার পর ফেনী জেলা কারাগার কর্তৃপক্ষ মিনারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার ডাক্তাররা উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় জাতীয় হূদরোগ ইন্সটিটিউটে নিয়ে চিকিত্সা দেয়ার সুপারিশ করেন।