মিয়ানমারে আজ শুরু হচ্ছে বিজিবি-বিজিপি মহাপরিচালক বৈঠক
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২৩:১২
আজ ১০ জুন মিয়ানমারের রাজধানী ন্যাপিডোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) মহাপরিচালক পর্যায়ে ৪ দিনের বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ। মিয়ানমারের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন চিফ অব মিয়ানমার পুলিশ ফোর্স, পুলিশ মেজর জেনারেল জ উইন।
বিজিবি ও বিজিপির উচ্চ পর্যায়ের ওই বৈঠকে সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পাইনছড়ি এলাকায় নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবেদার মিজানুর রহমান হত্যার বিচার চাইবে বাংলাদেশ। এছাড়া সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে উভয় দেশ। এ লক্ষ্যে সোমবার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদের নেতৃত্বে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৮ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে ন্যাপিডোতে শুরু হচ্ছে সীমান্ত সম্মেলন।
আজ মঙ্গলবার ন্যাপিডোতে দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ৪ দিন ব্যাপী বৈঠকের দিন-ক্ষণ ঠিক করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্ত সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিভিন্ন স্পর্শকাতর বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে সীমান্তের অপর প্রান্ত থেকে চোরাই পথে আসা নেশাজাতীয় দ্রব্য, বিশেষ করে ইয়াবা, মদ ও মাদক পাচার প্রতিরোধ, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের কমান্ডারদের মধ্যে সরাসরি টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন, সীমান্ত এলাকায় গুলি বিনিময়ের ঘটনা, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্মিলিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা চালুকরণ, নাফ নদী ও বঙ্গোপসাগরের জলসীমায় বাংলাদেশি জেলেদের বিভিন্ন সমস্যা নিরসন ও পারস্পরিক আস্থা বৃদ্ধির উপর গুরুত্বারোপ ও দুই সীমান্ত বাহিনীর মধ্যে খেলাধুলা অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা করা হবে বলে বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোঃ মহসিন রেজা সাংবাদিকদের জানিয়েছেন। মিয়ানমারের ১৩ সদস্যের প্রতিনিধিদলে বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাদক ও কাষ্টমস কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ২৭১ কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। ন্যাপিডোতে বৈঠকের উপর নির্ভর করছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি, এমন মন্তব্য করে বিজিবি কর্মকর্তারা জানান, এখনো পর্যন্ত সীমান্তের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।