ব্রাজিলে আর্জেন্টিনার সমর্থক!

‘গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য অপেক্ষার পালা শেষ প্রায়। বিশ্ববাসীর সামনে নিজেদের সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য আরেকবার তুলে ধরতে প্রস্তুত ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে দেশবাসীকে মারকানার দুঃখ ঘোচাতে প্রস্তুত নেইমার-অস্কাররাও। অথচ সেই ব্রাজিলের রাস্তায় এমন কিছু সমর্থকও পাওয়া যাচ্ছে যারা কিনা বিশ্বকাপে আর্জেন্টিনার জয় চাইছেন! ভুল পড়েননি, পাঠক। সত্যিই তাই। তবে কারণটা কিছুটা বিচিত্র। ব্রাজিলিয়ানদের জঘন্যতম দুঃস্বপ্ন কি?—এমন এক প্রশ্নে পরিচালিত একটি অনলাইন জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছে যে উত্তরটি সেটি হলো, ‘ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়।’ বোঝাই যাচ্ছে নিজেদের মাটিতে নিজেরা বিশ্বকাপ জিততে পারবে কিনা তার চেয়েও ব্রাজিলবাসী বেশি শঙ্কিত আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে! প্রায় লাখ খানেক দর্শক পরিপূর্ণ মারকানা স্টেডিয়ামে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ট্রফি উঁচিয়ে ধরছেন, এমন দৃশ্য তাই চরমতম দুঃস্বপ্নই হয়েই আসবে ব্রাজিলবাসীর জন্য। যদি সত্যিই সেরকম কিছু হয়েই যায় তাহলে সেটা প্রভাব ফেলতে পারে ব্রাজিলের রাজনীতিতেও। আর এই প্রভাবের আশাতে হলেও কিছু ব্রাজিলিয়ান অন্তত আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখতে চান ব্রাজিলেই! সম্প্রতি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোটারদের মধ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলবে ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স। যদি মাঠে নেইমারদের পারফরম্যান্স ভালো হয় তাহলে সেটা ইতিবাচক হয়ে আসবে বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সরকারের জন্য। আর যদি দলের ফল খারাপ হয়, তাহলে রৌসেফের দলের জন্যও ফলাফলটা হবে তেমনই। যদি ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়, রিও ডি জেনিরোর সাম্প্রতিক চালচলন বলছে তাহলে নিশ্চিতভাবেই নির্বাচনে হারতে যাচ্ছেন রৌসেফ। নাম প্রকাশে অনিচ্ছুক রিওর স্থানীয় একটি পত্রিকায় কর্মরত এক সাংবাদিক বলেন, ‘আমাদের জনগণ বিশ্বাস করে, ফুটবল দলের জয় বর্তমান সরকারের টিকে থাকা নিশ্চিত করে দেবে।’ নতুন নতুন সব স্টেডিয়াম নির্মাণ, বিশ্বকাপের বিপুল খরচের যোগান দিতে পরিবহন ভাড়া বৃদ্ধি, পণ্যের মূল্য বৃদ্ধি আর সর্বোপরি জীবনধারণের খরচ বৃদ্ধিতে রৌসেফের সরকারের উপর নাখোশ এমন মানুষের সংখ্যা এই মুহূর্তে ব্রাজিলে মোটেই কম নয়। আর রৌসেফের সরকার যেন পুনঃনির্বাচিত হতে না পারেন, সেজন্যই সেলেসাও নয় বরং আর্জেন্টিনার দিকে সমর্থন তাদের। যদি আর্জেন্টিনা ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে দিতেই পারে, সেক্ষেত্রে অনেকটা নিশ্চিতভাবেই পরবর্তী সরকার গঠন করা হচ্ছে না রৌসেফের দলের। তবে ব্রাজিলের সব মানুষের মনের অবস্থাটা নিশ্চিতভাবেই এমন নয়। ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা এক যুগ বাদে বিশ্বকাপ ঘরে আনবেন এমন স্বপ্নে বিভোর মানুষের সংখ্যাটাই এখনও বেশি। আর কিছু মানুষ আছেন যারা এখনও বুঝতে পারছেন না, ফুটবল দল, নাকি দেশের আর্থ-রাজনৈতিক পরিস্থিতি কোন্টা নিয়ে ভাববেন তারা। তাই বিশ্বকাপের মাত্র দিন দুয়েক বাকি থাকতে এখনও বর্ণহীন রিওর কিছু রাস্তা। বাসার সামনে এখনও শোভা পাচ্ছে না নেইমারদের কোন ছবি। তবে এই সব ভাবনা, নিজ দলের বিপক্ষে থাকা; সবই এক লহমায় বদলে যাবে। নিশ্চয়তা দিয়ে বলা যায়, ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয় নেইমাররা নিশ্চিত করতে পারলেই সব ব্রাজিলিয়ান জাতীয় সব সঙ্কট ভুলে হেক্সার পানে ছুটবেন!