বিশ্বকাপ উন্মাদনা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২৩:১৫
অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আর একদিন পেরুলেই শুরু হচ্ছে বহু আকাঙ্ক্ষিত মহাউত্সব বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্ব নাচছে বিশ্বকাপ আনন্দে। এমনকি বাংলাদেশের গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত এলাকায় দেখা যাচ্ছে ফুটবল উন্মাদনা। বিদ্যুত্ সুবিধা ও ডিশ সংযোগের কারণে এবং টেলিভিশন সহজলভ্য হওয়ায় সহজেই এখন মানুষ জানতে পারছে ফুটবলের সর্বশেষ খবর। রাজধানীসহ জেলা-উপজেলায় বড় বড় গাছের মগডালে, ভবনের ছাদে, সড়ক, ব্রিজের উপর শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। ফুটবল ভক্তরা গায়ে জড়াচ্ছেন প্রিয় দলের জার্সি। প্রিয় ফুটবল তারকার চুলের স্টাইলের আদলে চুল কাটতে দেখা গেছে অনেক ভক্তকে। সিরাজগঞ্জের এনায়েতপুরে কয়েকজন মিলে গড়েছে ব্রাজিলিয়ান সংঘ। তারা আজ উড়াবে ১৮৭৫ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। পতাকা উত্তোলনের পাশাপাশি থাকছে ৫০০ মানুষের জন্য ভূরিভোজের ব্যবস্থা। থাকছে খাসির মাংসের আইটেম। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:
চৌহালী (সিরাজগঞ্জ): বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এনায়েতপুরের হাট-বাজার, বিপণীবিতান, স্কুল, কলেজ ও বাড়িতে-বাড়িতে উড়ছে বিভিন্ন দেশের পতাকা। রাস্তায় বের হলেই চোখে পড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। চায়ের দোকান থেকে শুরু করে যেকোন আড্ডায় চলছে যার-যার পছন্দনীয় দলের সমর্থকদের পক্ষের আলোচনা ও বিরোধীদের সমালোচনা। বিশেষ করে ‘ব্রাজিলিয়ান সংঘ’ নামে সমর্থকদের কমিটি গঠনের বিষয়টি এলাকায় বেশ আলোচিত হচ্ছে। তারা সপ্তাহ ধরে ১৮৭৫ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা তৈরি করে এলাকায় হৈই-চৈই ফেলে দিয়েছে। যা আজ সকালে কেজির মোড় থেকে এনায়েতপুর কাপড়ের হাট সড়কে উত্তোলনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর পতাকার ফাঁকে-ফাঁকে চমকপ্রদ লেখার মধ্যে রয়েছে, “হাসিনা, খালেদা, রওশন এরশাদ আমাদের পক্ষে-আপনি কেন নন। রাজনৈতিক হানাহানি দূরে রেখে আসুন আমরা ক্রীড়ায় মাতি। মাদককে না বলুন।”
বিশ্বকাপ উন্মাদনায় উত্তরবঙ্গের মধ্যে শীর্ষে থাকার পাশাপাশি এই ক্রীড়া কার্যক্রম মাদক আর হানাহানিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে দাবি করেছেন এনায়েতপুর থানা ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি চিত্রশিল্পী মোশারফ হোসেন খান, সহ-সভাপতি ওরিয়েন্টাল গ্রুপের কর্মকর্তা রফিক মির্জা, সাধারণ সম্পাদক আতাব আলী সরকার ও প্রচার সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম মাল।
সাঁথিয়া (পাবনা): উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকার উঁচু গাছের উপরে ও রাস্তায়, সেতুর প্রবেশ মুখে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। প্রিয় দলের সমর্থকরা নিজের সমর্থন প্রকাশের জন্য ওই ফুটবল দলের পতাকা ঝুলিয়ে রেখেছে বিভিন্ন স্থানে। উপজেলার বিষ্ণুপুর গ্রামের আত্রাই নদীর উপর ব্রিজের দু’ পাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টানিয়ে নিজেদের সমর্থন প্রকাশ করেছে সমর্থকরা ।
গফরগাঁও (ময়মনসিংহ) : বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে, গাছের মগডালে উড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। রাস্তায় বের হলেই রিক্সা, সিএনজি অটোরিক্সা, নছিমন, করিমন, সাইকেল, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ প্রায় সকল পরিবহনেই ব্রাজিল, আর্জেন্টিনার পতাকার ছড়াছড়ি। মাঝে মধ্যে জার্মানী, ইতালি, পর্তুগাল, স্পেন, জাপানের পতাকাও চোখে পড়ে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে এ রকমই চিত্র ময়মনসিংহের গফরগাঁওয়ে। পতাকার আকার আয়তন নিয়েও চলছে সমর্থকদের প্রতিযোগিতা। সমর্থকদের উড়ানোর শখ মেটাতে দর্জিরাও ব্যস্ত পতাকা তৈরির কাজে। পতাকা ছাড়াও প্রিয়দলের জার্সি, ব্রেসলেট, মাথার ব্যান্ড বিক্রি হচ্ছে দেদারসে। প্রিয় তারকার অনুকরণে মাথার চুল কাটছে তরুণ প্রজন্মের সমর্থকরা। বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন বিক্রেতাদের পাশাপাশি পৌরশহরের নামীদামী হোটেল-রেস্তোরাঁ, বেকারি, ক্লিনিক-ডায়গনস্টিক সেন্টার ও ফ্যাশন হাউজগুলো ৫ থেকে ১৫% ছাড়ের ঘোষণা দিয়েছে। লোডশেডিং যাতে খেলা দেখার বিঘ্ন না ঘটাতে পারে পাড়ায় পাড়ায় সাপোটার্স ফোরাম গঠন করে চাঁদা তুলে জেনারেটর ও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছেন অনেকেই। সর্বত্রই চলছে আলোচনা, তর্কবিতর্ক। পৌরশহরের স্টেশন রোড এলাকার সোহাগ, রতন, রঞ্জন, চন্দন, সেতু জানায়, ফুটবল ঈশ্বর ম্যারাডোনা ও বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় মেসির কারণে তারা আর্জেন্টিনার সমর্থক। একই আড্ডার নয়ন, ইমরান, দিদার আশা করেন ব্রাজিল ৬ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হবে।