সহজ জয়ে নাদালের শুভসূচনা

অঘটনের শিকার ভেনাস-ওজনিয়াকি

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী রাফায়েল নাদাল ফরাসি ওপেনে নিজের প্রথম ম্যাচে জার্মান প্রতিপক্ষ ইয়ানিক হ্যানফম্যানকে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উঠে গেছেন। নারী এককের ম্যাচে ভেরোনিকা কুদেরমেতোভার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেন জয়ী খেলোয়াড় কেরোলিন ওজনিয়াকি। এর আগে এলিনা সভিতোলিনার কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান ভেনাস উইলিয়ামস।

মাটির কোর্টে নাদালের সাম্প্রতিক ফর্ম কথা বলছিল নাদালের পক্ষেই। এক সপ্তাহ আগেই ইতালিতে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জিতে এসেছিলেন ফরাসি ওপেনে। সর্বশেষ কোনো বাছাইপর্ব খেলে আসা খেলোয়াড়ের বিপক্ষে হেরেছিলেন সেই ২০১৫ সালে। কিন্তু প্রতিপক্ষ হ্যানফম্যান কিছুটা নড়েচড়ে বসতেই বাধ্য করেছিলেন টেনিসভক্তদের। হুঙ্কার ছেড়ে জানিয়েছিলেন নাদালের ক্ষতি করার সক্ষমতা তার ভালোই আছে।

তবে ম্যাচে তার প্রতিফলন দেখা গেল অল্পই। নিজের ১২তম ফরাসি ওপেন শিরোপার খোঁজে থাকা নাদাল শুরু থেকেই আধিপত্য ধরে রেখে তুলে নেন ৬-২, ৬-১, ৬-৩ গেমে সহজ এক জয়। এর ফলে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন স্প্যানিশ এই তারকা।

নারী এককে অঘটনের শিকার হয়েছেন কেরোলিন ওজনিয়াকি। রাশান প্রতিপক্ষ ভেরোনিকার বিপক্ষে শুরুর সেট দারুণভাবে জিতলেও পরের দুই সেটে হারেন তিনি। ৬-০, ৬-৩, ৬-৩ গেমের এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজে তার।

তবে নারী এককে এটি এবারের আসরের প্রথম অঘটন নয় মোটেও। আগের দিন এলিনা সভিতোলিনার কাছে ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটের হার উইলিয়ামস বোনেদের বড়জন ভেনাসকে ছিটকে দেয় এবারের আসর থেকে।

এদিকে বাম হাতের চোটের কারণে প্রতিযোগিতার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাবেক উইম্বলডনজয়ী খেলোয়াড় পেত্রা কেভিতোভা। সপ্তাহখানেক ধরেই বাঁ হাতে ব্যথা অনুভব করতে থাকা এই খেলোয়াড় প্রতিযোগিতা শুরুর আগে জানতে পারেন চোটের গভীরতা। তার চিকিত্সক তাকে জানান, দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি।