বাকৃবির শিক্ষার্থীদের ফের ক্লাস ও পরীক্ষা বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১২-১৩ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গতকাল সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছে। এদিকে তিন দফা দাবিতে গতকাল ৬ষ্ঠ দিনের মত কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জোট পেশাজীবী ঐক্য পরিষদ। জানা যায়, অতিরিক্ত সেমিস্টার ফিসহ সকল বর্ধিত ফি বাতিলের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে বিজয় ’৭১ এর পাদদেশে মিলিত হয় ২য় বর্ষের সকল অনুষদের শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে তারা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। তাদের সেমিস্টার ফি কমানো সম্ভব নয়।