হকিতে জেনারেল ম্যানেজার

স্পোর্টস রিপোর্টার

হকি ফেডারেশনকে পুরোপুরি পেশাদার মোড়কে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নবনির্বাচিত কমিটি পুরনো ধ্যান-ধারণা ঝেড়ে ফেলে পেশাদারি প্রথায় ফেডারেশন পরিচালনা করতে চায়। এরই মধ্যে একজন নারীকে জেনারেল ম্যানেজার এবং হেড অব অপারেশন্স পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনি বেগম।

হকিতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, নতুন সম্পর্ক তৈরি করাসহ ফেডারেশনের গুরুত্বপূর্ণ কাজগুলো তার উপর ন্যস্ত থাকবে। আন্তর্জাতিক হকিতে প্রধান নির্বাহী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই ক্ষেত্রে বাংলাদেশ হকি ফেডারেশনে কাজ করবেন জেনারেল ম্যানেজার। এর আগে হকি ফেডারেশন তো ন-ই বরং ক্রীড়া ফেডারেশনে এ ধরনে গুরুত্বপূর্ণ পদে নারীর অবস্থান দেখা যায়নি। মনি বেগম বাফুফেতে দীর্ঘদিন কাজ করেছেন। ফেডারেশন কর্মকর্তারা মনে করছেন সামনে হকিতে প্রচুর কাজ হবে। ঘরোয়া এবং আন্তর্জাতিক খেলা রয়েছে। ব্যস্ততা বাড়বে। কাজের গতি আনতেই এ নিয়োগ দেওয়া হয়েছে। ফেডারেশন অফিস কক্ষগুলো নতুন করে সাজানো হচ্ছে।