শেয়ারবাজারে লেনদেন বেড়েছে

শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচকের কিছুটা পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫২ কোটি ২৩ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। সামপ্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দর বাড়ার কারণ জানতে চাওয়ার প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে ডিএসই কর্তৃপক্ষকে এ তথ্য জানানো হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার বিকন ফার্মার শেয়ার সর্বশেষ ১৪.৬ টাকায় লেনদেন হয়েছে। গত তিন কার্যদিবস ধরে শেয়ারটির দর বাড়ছে। গত ৫ জুন শেয়ারটির দর অবস্থান করে ১১.৩ টাকায়। তিন কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ২০১৪ সালের ৩১ মার্চে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিকন ফার্মার কর পরবর্তী মুনাফা হয়েছে ২০ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩৪ লাখ টাকা ও ১ পয়সা। অর্থাত্ গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছর তৃতীয় প্রান্তিকে বিকন ফার্মার মুনাফা কমেছে ১৩ লাখ ৯০ হাজার টাকা। এদিকে গতকাল ডিএসই’র সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীরা। চলতি ২০১৪-১৫ অর্থবছরে পুঁজিবাজার বান্ধব বাজেট ঘোষণা না হওয়ায় বিনিয়োগকারীরা এ মানববন্ধন করেছেন। এছাড়া বাজারে ঘন ঘন আইপিও আসা, বাইব্যাক আইন না থাকা, ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন না করা ও পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপের কারণে বাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। তাই পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বছরের বাজেট পুঁজিবাজার বান্ধব হওয়া জরুরি বলে মনে করছেন বিনিয়োগকারীরা।