সফল নারীদের সম্মাননা দেবে আরএফএল

নিজ নিজ কর্মক্ষেত্রে সফল নারীদের সম্মাননা দেবে আরএফএল ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ১০টি ক্যাটাগরিতে সফল নারীদেরকে এ সম্মাননা দেয়া হবে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আরএফএল ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড’ বিষয়ক সম্মাননা প্রদানের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম, জিএম লিটন বাউলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশার ক্ষেত্রে উদ্যমী নারী, নারী উদ্যোক্তা, নারীবান্ধব প্রতিষ্ঠান, প্রজন্মের নারী নেতৃত্ব (বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী), নারীর ক্ষমতায়নে কাজ করছে এমন উন্নয়ন প্রতিষ্ঠান, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে উদ্যমী নারী, নারীর অগ্রযাত্রায় কাজ করছে এমন পুরুষসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।