৫০তম একক নিয়ে বেবী নাজনীন
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২০:৫৬
দীর্ঘ প্রায় ৬ মাসের আমেরিকা-ইউরোপ ট্যুর শেষে আগামী সপ্তাহে ঢাকা ফিরছেন অন্যতম সংগীত তারকা বেবী নাজনীন। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা ত্যাগ করেন তিনি। বিগত এই সময়ে বেবী আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যসহ কানাডা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রবাসীদের আয়োজিত কনসার্টগুলোতে অংশ নেন। এসবের মধ্যে বাংলা নববর্ষের আয়োজন ছিল গুরুত্বপূর্ণ। এই মুহূর্তেও বেবী রয়েছেন আমেরিকায়। জানা যায়, হাতে থাকা এবং চুক্তি করা অনুষ্ঠানগুলো ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। পাশাপাশি তার একমাত্র ছেলে মহারাজ অমিতাভ এখন আমেরিকাতেই পড়াশোনা করছে। ছেলের ইউনিভার্সিটি এবং সেখানে অবস্থানের বিষয়টি ঠিকঠাক করতেও বেবীকে আরও বেশ কিছু দিন আমেরিকায় থাকতে হবে। এখন অপেক্ষা শুধু ফিরতি ফ্লাইটের। তার পারিবারিক সূত্র জানায় চলতি সপ্তাহের যেকোনো দিন ফিরতি ফ্লাইট পেলেই বেবী ঢাকায় ফিরবেন। দেশে ফিরে তার ৫০তম এককটির কাজ শেষ করবেন। সব ঠিক থাকলে আসন্ন ঈদেই মুক্তি পাবে বেবী নাজনীনের ৫০তম একক অ্যালবামটি। এটি সঙ্গীতা থেকেই প্রকাশ হবে বলে জানা গেছে।