নারী-পুরুষের বৈষম্য কমাতে আপোষ নেই :তথ্যমন্ত্রী
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২১:২৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমাজ উন্নয়নে নারী ও শিশুর ভূমিকা অনস্বীকার্য। এজন্য নারী-পুরুষের বৈষম্য কমাতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ নেই। নারী শিক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে গেলেও এখনও অনেক ক্ষেত্রে নারীর অগ্রগতি আশানুরূপ হয়নি। অবস্থা পরিবর্তনে তিনি সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, নারী-পুরুষের সমান অধিকার, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে সকলে কাজ করতে হবে। এক্ষেত্রে জেলা তথ্য অফিসারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও গণমাধ্যমের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ‘শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি অংশের আওতায় বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা ও পরিকল্পনা সংক্রান্ত দুইদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সমাজে বৈষম্যের শিকার নারী শিশুদের কূপমণ্ডূকতা ধর্মান্ধতা থেকে বেরিয়ে আনার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, নারীরা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার। শিক্ষা, চিকিত্সা, চাকরি-ব্যবসার ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। এ বৈষম্য সম্পর্কে তাদের সচেতন করে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমদ, শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অতিরিক্ত সচিব এস এম হারুনুর রশীদ, ইউনিসেফ বাংলাদেশ এর কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সেকশনের চিফ ন্যান্স ওয়বার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহার।