ট্রাকের ধাক্কায় দাদা নাতনি নিহত

শতবর্ষী বৃদ্ধ দাদা কসির খানকে নিয়ে চিকিত্সার জন্য হাসপাতালে যাচ্ছিলেন তাহমিনা রহমান খুকি ও তার জা সুমি আক্তার। পথেই ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে বৃদ্ধ কসির খান ও তাহমিনার প্রাণ। এই দু’জন হাসপাতালে গিয়েছে লাশ হয়ে। এ ঘটনায় সুমিও আহত হয়ে চিকিত্সা নিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ডেমরার কোনাপাড়া বামইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে। নিহত কসির চার ছেলে ও দুই মেয়ের জনক। তার বয়স ১০১ বছর বলে জানিয়েছেন স্বজনরা। তাহমিনা দুই ছেলের জননী। তাদের বাসা ডেমরার পাইটি এলাকায়। পুলিশ ও হাসপাতালসূত্র জানায়, সারুলিয়ার একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রিকশাযোগে রওনা হয়েছিলেন কসির, তাহমিনা ও সুমি। তাদের রিকশাটি বামইন বাসস্ট্যান্ডের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা তিনজন রাস্তায় ছিটকে পড়েন। কসির ও তাহমিনা এতে গুরুতর আহত হন এবং সুমি তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাহমিনাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর মারা যান বৃদ্ধ কসির।