কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সড়ক যেন মরণ ফাঁদ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখের এলজিইডির সড়কটি যেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ সড়কটি। এ বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করলেও সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার লোকজন। জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় (ডিগ্রী) কলেজে ২০ সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। এ কলেজের সামনে দিয়ে উপজেলার দৌলতপুর-ধর্মপুর, ধর্মপুর-অশোকতলা রেলগেট ও ধর্মপুর-শাসনগাছা আন্তঃজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত অন্যতম ৩টি সড়ক দীর্ঘদিন যাবত সংস্কার না করার কারণে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এ কলেজের শিক্ষার্থী ছাড়াও নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পশ্চিমাঞ্চলের মানুষকে এ সড়কপথেই দিনে-রাতে নগরীসহ বিভিন্ন স্থানে আসা-যাওয়া করতে হয়। অথচ সামান্য বৃষ্টিতেই সড়কটির খানাখন্দে পানি জমে যায়। এতে স্বাভাবিক হাঁটাচলাও দুষ্কর হয়ে পড়ে। প্রায় প্রতিদিন শিক্ষার্থীদের কেউ না কেউ হোচট খেয়ে পড়ে গিয়ে গর্তের পানি ও ময়লা-আবর্জনায় বই-পুস্তক নষ্ট করছেন, আবার কারো রিকশা-অটোরিকশা উল্টে গিয়ে জামা-কাপড় নষ্ট হয়ে কাজ না সেরেই বাড়ি ফিরতে হচ্ছে। অনেক সময় সড়কের গর্তে ট্রাক-ট্রাক্টর, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি করে। এলাকার লোকজন জানান, ব্যস্ততম এই সড়কটি বর্ষার আগে মেরামত করা না হলে শিক্ষক-শিক্ষার্থী ও জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে। তারা গুরুত্বপূর্ণ এ সড়কটি অবিলম্বে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিন জানান, এ সড়কটি সংস্কারের আওতায় আনা হয়েছে। শিগগিরই এর সংস্কার কাজ শুরু হবে।