গোপালগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ মিছিল
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২১:৩২
ইসলাম অবমাননার প্রতিবাদ
গোপালগঞ্জে ফেসবুকে ইন্দ্রজিত পান্ডে (২৮) নামে এক কলেজ ছাত্র পবিত্র কোরআন শরীফ, ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী (স.) সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার শহরের লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে দুপুর ১২টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। আজ বুধবার শহরে বিক্ষোভ মিছিল শেষে পৌর পার্কে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার ভোরে ইন্দ্রজিত্ ফেসবুকে ঐ কুরুচিপূর্ণ মন্তব্য করে। এগুলো ফেসবুকের বন্ধুরা দেখার পর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইন্দ্রজিতের ভাই অর্নব পান্ডে বঙ্গবন্ধু কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করে। তাকে দিয়ে রাতে ইন্দ্রজিেক হোস্টেলে ডাকা হয়। সেখানে আসার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে বেদম মারপিট করে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করতে আসলে শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মঙ্গলবার তথ্য প্রযুক্তি আইনে ইন্দ্রজিত পান্ডের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।