ন্যায়বিচার নিশ্চিত করা আইনজীবীদের কাজ — প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই আইনজীবীদের কাজ। বিচার প্রার্থীরা যাতে ন্যায়বিচার পান সেজন্য আইনজীবীদের দক্ষতা, আন্তরিকতা ও সততা প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন তিনি। গতকাল রাঙ্গামাটিতে জুডিসিয়াল স্ট্রেংদেনিং (জাস্ট) প্রকল্পের অর্থায়নে নির্মিত মহিলা ও শিশু বিশ্রামাগার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় যুগ্ম জেলা জজ সিরাজুদ্দৌল্লা কুতুবী, রাঙ্গামাটি জেলা বারের সভাপতি এডভোকেট দুলাল কান্তি সরকার, সাধারণ সম্পাদক উথাই মং ও সিনিয়র আইনজীবী এডভোকেট মোখতার আহম্মেদসহ রাঙ্গামাটি জেলা জজ আদালতের কর্মকর্তা ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি রাঙ্গামাটি জেলা জজ আদালত কার্যালয় ঘুরে দেখেন এবং বিচার প্রার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি এজলাসে বসে একটি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন। গতকাল বিকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে মোকদ্দমার কজলিস্ট অনলাইনে প্রকাশনার আইটি প্রশিক্ষণপ্রাপ্ত বিচারক ও ম্যাজিস্ট্রেটদের মধ্যে সনদপত্র বিতরণ এবং মামলা জট নিরসনে মধ্যস্থতা ও তথ্য প্রযুক্তির ভূমিকা বিষয়ে আদালতের মোকদ্দমা ব্যবস্থাপনা কমিটির সেমিনারে যোগ দেন তিনি।