নাইজেরিয়ায় আবারো ২০ নারীকে অপহরণ বোকো হারামের

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো রাজ্যের চিবুক থেকে দুই শতাধিক স্কুল ছাত্রী অপহরণের দুই মাস পরে আবারো ২০ নারীকে অপহরণ করেছে বোকো হারাম। নতুন করে ২০ নারী অপহরণের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি নাইজেরীয় প্রশাসন। চিবুকের স্কুল ছাত্রীদের উদ্ধারে ব্যর্থ হওয়ার পর নতুন করে অপহরণের ঘটনায় আবারো সমালোচনার মুখে পড়ল নাইজেরীয় সরকার। এক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বর্নো রাজ্যের একটি জায়গা থেকে অস্ত্রধারীরা ২০ নারীকে গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তাদের বাধা দেয়ার চেষ্টা করায় তিন পুরুষকেও তুলে নেয় বোকো হারামের সদস্যরা। স্থানীয় পর্যবেক্ষক গোষ্ঠীর সদস্য আলহাজি তার বলেন, ২০ নারীকে অপহরণের প্রায় ৩ ঘন্টা পর আমাদের কাছে সংবাদ আসে। তখন আমরা তাদের পিছু নেয়ার চেষ্টা করলেও গাড়ির কারণে বেশিদূর এগোতে পারিনি। এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। চিবুকের স্কুল ছাত্রীদের উদ্ধার করতে ব্যর্থ হওয়া সেনাদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পুরো দেশে। বর্নো রাজ্যের লোকজন অভিযোগ করেন, এখানে সেনাবাহিনী একেবারেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে তাদের কোন কার্যক্রম নেই। সেনাবাহিনীর নাকেরডগার ওপর দিয়েই অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে যাচ্ছে জঙ্গিরা। নাইজেরিকাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে ২০০৯ সাল থেকে জঙ্গি তত্পরতা চালিয়ে আসছে বোকো হারাম। তখন থেকে তাদের হামলায় প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ।