পশ্চিমবঙ্গের বাম শিবিরে নেতৃত্ব বদলের দাবি

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল স্তরের বামপন্থী কর্মীরা এই প্রথম সেখানে নেতৃত্ব বদলের দাবি তুলেছেন। বাম আন্দোলনের ইতিহাসে এ ধরনের পদক্ষেপকে অনেকে সম্পূর্ণ প্রথম বলে মনে করছেন। বাম নেতা প্রকাশ কারাত থেকে শুরু করে রাজ্যস্তরের বুদ্ধদেব, বিমান বসুসহ সবার অপসারণ দাবি করেছেন তারা। —খবর ডয়েচে ভেলের। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান দুই মুখ প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে পশ্চিমবঙ্গের বাম নেতাদের মতবিরোধ দীর্ঘদিনের। এটা শুরু হয় সেই কেন্দ্রীয় বহুদলীয় জোট সরকাররে সর্বসম্মত প্রার্থী হওয়ার পর থেকে । তারা প্রয়াত জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বেও বাধ সেঁধেছিলেন। তারপর থেকে নানা ইস্যুতে বারবার বেরিয়ে এসেছে সিপিএম পলিটব্যুরোর তথাকথিত কারাত লাইনের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের বেঙ্গল লাইনের তীব্র মতপার্থক্য। যদিও সাংগঠনিক শৃঙ্খলার কারণে এই বিরোধ কখনো দলীয় কোন্দলের চেহারায় রূপ নেয়নি। কিন্তু এবার সরাসরি কারাত লাইন নিয়ে প্রশ্ন উঠল সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে। এতে প্রথমেই জানতে চাওয়া হল, সর্বভারতীয় রাজনীতিতে তথাকথিত তৃতীয় ফ্রন্ট তৈরির কোনও সম্ভাবনা না থাকা সত্ত্বেও প্রতিবার কেন তৃতীয় শক্তির ধুয়ো তুলে নির্বাচনী লড়াইয়ের অভিমুখ নষ্ট করা হয়।