বিভিন্ন ঘটনায় ১১ জন নিহত, আহত ১৮
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২১:৫৭
দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৮, খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ভূঞাপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ভূঞাপুর (টাঙ্গাইল) \ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (২৭) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সোয়া একটায় উপজেলার হাতিয়া ১৬ নং ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস বঙ্গবন্ধু সেতু পূর্ব সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় পৌঁছলে ছাদ থেকে অজ্ঞাত ওই ব্যক্তি পড়ে যায়। এসময় ঢাকাগামী আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ পত্নীতলায় বৃদ্ধার মৃত্যু
নওগাঁ \ নওগাঁর পত্নীতলায় মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা সাজেদা বেগমের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নজিপুর পুঁইয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম নজিপুর মহল্লার মৃত আত্তাব উদ্দিনের স্ত্রী।
গাইবান্ধায় যাত্রীবাহী
বাস খাদে, নিহত ১
গাইবান্ধা প্রতিনিধি \ রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের একবারপুর এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মিষ্টি (৮) নামে এক শিশু ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। নিহত মিষ্টি (৮) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা সদরের পাচগাছী কন্যাবাড়ি গ্রামের বকুল মিয়ার মেয়ে। আহতদের পলাশবাড়ী ও রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেনবাগে সড়ক দুর্ঘটনায়
নিহত ২, আহত-৩
সেনবাগ (নোয়াখালী)\ নোয়াখালী সেনবাগ- সোনাইমুড়ি প্রধান সড়কের সেনবাগ উপজেলার গাজীরহাট কামরুল চেয়ারম্যানের বাড়ির সামনে সোমবার রাতে বাস ও সিএনজি অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট গ্রামের মমিনুল ইসলামের ছেলে কাউছার আহমেদ সজিব (১০), ছাতারাপাইয়া গ্রামের মৃত আলী হায়দারের ছেলে বেলাল হোসেন (৫০)। নিহত ও আহতরা সিএনজি অটোরিকশার যাত্রী। পরে বিক্ষুব্ধ লোকজন বাসটির গ্লাস ভাংচুর করে।
আহতদের মধ্যে নিহত সজিবের পিতা মমিনুল ইসলাম (৪০) ও আবদুল হালিমকে (৩৫) প্রথমে সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদেরকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জে তিন
জন নিহত
পীরগঞ্জ (রংপুর) \ রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে চালক-সুপারভাইজারসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের মাদারহাট নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী জান্নাত পরিবহনের লাইট নষ্ট হলে বাসটি থামিয়ে কাজ করার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক ফরিদপুরের আবুল হোসেন সাব্বির (২৮), সুপারভাইজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মোকসেদ আলী (২৫) ও যাত্রী কুড়িগ্রাম সদরের ইসমাঈল হোসেন (৩৫) নিহত হন।
সেনবাগে বিদ্যুত্স্পৃষ্টে মেকানিকের মৃত্যু
সেনবাগ (নোয়াখালী) \ নোয়াখালী সেনবাগ পৌর শহরের কাদরা গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৫) নামে এক বিদ্যুত্ মেকানিকের মৃত্যু হয়েছে। আনোয়ার সেনবাগ পৌরসভার মগুয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্টে
কৃষকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী গ্রামে গতকাল মঙ্গলবার হোসেন আলী (৩০) নামের এক কৃষক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে। তার নিজ সেচযন্ত্রে সে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে তার শরীর লেগে গেলে ঘটনাস্থলে সে মারা যায়।
কাহারোলে সাপের কামড়ে
মহিলার মৃত্যু
কাহারোল (দিনাজপুর) \ দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের মৃত বসন্ত রায়ের স্ত্রী গয়া রানী রায় (৬৫) সোমবার রাতে সাপের কামড় দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।