মির্জাপুরে আ’ লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২১:৫৯
দুই মাসেও আওয়ামী লীগ নেতা ও সোনালী ব্যাংকের টাঙ্গাইল জেলা সিবিএর সহসভাপতি শফিকুল ইসলাম শফির মূল হত্যাকারীরা গ্রেফতার হয়নি। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ । নিহত শফির স্ত্রী আলেয়া বেগম , পুত্র সম্রাট ও কন্যা স্বর্না গতকাল মঙ্গলবার অভিযোগ করেন,গত ২০ এপ্রিল রাতে রাজনৈতিক দ্বন্দ্ব এবং এলাকার বিরোধকে কেন্দ্র করে জিন্নাহ মিয়ার কন্যা বীনা,মাসুদ,মাসুমসহ ১০/১২ জন সন্ত্রাসী মিলে শফিকে অপহরণ করে নির্মম ভাবে হত্যা করে লাশ কুরনি গ্রামের জিন্নাহ মিয়ার বাড়ির পাশে জঙ্গলে ফেলে রাখে। ঘটনার দুইদিন পরে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যার পর নিহতের স্ত্রী আলেয়া বাদী হয়ে ২১ এপ্রিল মির্জাপুর থানায় হত্যা মামলা করে। মামলার পর থেকে হত্যা মামলার আসামি ও তাদের সন্ত্রাসী বাহিনী শফির পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে।