নান্দাইলে দুর্বৃৃত্তদের আগুনে দগ্ধ নারী মারা গেছেন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের আচারগাঁও এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে স্বামী পরিত্যক্ত রুমা আক্তার নামে এক নারী সোমবার সন্ধ্যায় মারা গেছেন। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা রুমা আক্তারের (২৫) বসবাসকৃত ঘরের বাইরে দরজায় তালা লাগিয়ে আগুন দেয়। এ সময় রুমা আক্তার ঘুমিয়ে ছিলেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে যায়। এর পর এলাকার লোকজন ঘটনাস্থল গিয়ে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় নান্দাইল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিত্সার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিত্সকের পরামর্শে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, স্বামী পরিত্যক্তা রুমা কয়েক বছর ধরে নান্দাইল পৌর শহরের আচারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার বাবা নজরুল ইসলাম নজু দিনমজুর, মা তাহমিনা অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন।