স্ত্রী নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তা সাসপেন্ড

হ্যান্ডক্যাপ পরিয়ে স্ত্রীকে নির্যাতনের দায়ে সাসপেন্ড করা হয়েছে মিরসরাইয়ের পুলিশ কর্মকর্তা মুছাকে। এ ঘটনায় ঊর্ধ্বতন কৃর্তপক্ষ তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার (সাসপেন্ড) করেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছে তার স্ত্রী ইসরাত সুলতানা প্রমি। মামলায় স্বামী মুছাসহ তিনজনকে আসামী করা হয়েছে। মিরসরাইয়ের বাড়িয়াখালী এলাকার মৃত জাকির হোসেনের ছেলে বর্তমানে সিএমপি সদরঘাট থানায় কর্মরত (এএসআই) মো. মুছা মিয়ার সাথে একই উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর মেয়ে ইসরাত সুলতানা প্রমির বিয়ে ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর। প্রমির বাবা মো. আব্দুল্লাহ অভিযোগ করেন, বিয়ের পর থেকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে প্রমিকে মুছা মিয়া নির্যাতন করে আসছিল। সম্প্রতি শহরের পূর্ব মাদারবাড়ির এলাকায় ভাড়া বাসায় প্রমিকে নির্যাতন করে হ্যান্ডক্যাপ দিয়ে দু’হাত বেঁধে বাইরে চলে যায় মুছা। প্রমির বাবা জানান, এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমার মেয়ে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় উদ্ধার করে গত ৫ জুন সদরঘাট থানায় নিয়ে যান। থানায় বিষয়টি অবহিত করে তাকে চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক মুছা স্ত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে শ্বশুর পক্ষ ষড়যন্ত্র করছে। কেউ-কারো স্ত্রীকে হ্যান্ডক্যাপ লাগাতে পারে? এসব বানোয়াট অভিযোগ।