ফিফাই সব খেয়ে ফেলছে - ম্যারাডোনা
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:১০
ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা আবারও চড়াও হয়েছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার উপর। ফিফাকে নোংরা ক্ষমতার অধিকারী একটি প্রতিষ্ঠান বলার পাশাপাশি সাবেক আর্জেন্টাইন অধিনায়ক অভিযোগ করেছেন, বিশ্বকাপ থেকে বিজয়ীদের চাইতেও অনেক বেশি অর্থ নিয়ে নিচ্ছে ফিফা। দক্ষিণ আমেরিকার টিভি চ্যানেল টেলেসারের সাথে সাক্ষাত্কারে ম্যারাডোনা এ অভিযোগ করেন।
কাতারের ২০২২ বিশ্বকাপের দায়িত্ব পেতে ফিফার অবৈধ অর্থ নেয়ার অভিযোগ ওঠার পর ফিফার উদ্দেশে ক্ষোভ ঝেড়ে ম্যারাডোনা বিশ্বকাপ থেকে ফিফার আয় নিয়ে প্রশ্ন তোলেন। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বলেন, ‘তারা (ফিফা) নোংরাভাবে ক্ষমতার চর্চা করে। তারা যদি এই বিশ্বকাপ থেকে ৩০০ কোটি ইউরো জেতে এবং চ্যাম্পিয়ন দল পায় দুই কোটি ৬০ লাখ ইউরো তাহলে অর্থের বিশাল এই ব্যবধানটা কেউই বিশ্বাস করবে না।’
ফিফা কোন ধরনের কাজ ছাড়াই এই বিপুল অর্থ নিচ্ছে দাবি করে ইতিহাসের সবচেয়ে আলোচিত দুইটি গোলের মালিক বলেন, ‘তারা আসলে বলটা গিলে খাচ্ছে। তারা এই অর্থগুলো নিচ্ছে কোন কিছু না করেই।’
ফিফার সমালোচনা করলেও আয়োজক ব্রাজিলের প্রতি পূর্ণ আস্থাই ঝরেছে ম্যারাডোনার কণ্ঠে। বিশ্বকাপের ব্যয় নিয়ে ব্রাজিলে চলমান বিশ্বকাপ বিরোধী আন্দোলনকারীরা বিশ্বকাপ আয়োজন দেখে অচিরেই থেমে যাবেন জানিয়ে তিনি বলেন, ‘দূর থেকে দেখে মনে হচ্ছে সেখানে (ব্রাজিলে) বেশ সমস্যা হচ্ছে। বিক্ষোভ করছে অনেকে। এ থেকে মনে হতে পারে পুরো প্রক্রিয়াটা হয়তো অন্যভাবে করা উচিত ছিল। এটা আমাকে বেশ ভাবাচ্ছে। কোন সন্দেহ নেই, জনগণের কথায় আপনাকে গুরুত্ব দিতেই হবে। তবে, ব্রাজিল যে একটা অসাধারণ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সে বিষয়ে আমার সন্দেহ নেই।’
উল্লেখ্য, কয়েক দিন আগে ফিফা ঘোষণা দেয় বিশ্বকাপের বিজয়ী দলের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে দুই কোটি ষাট লাখ ইউরো। এরই পরিপ্রেক্ষিতে, আর্জেন্টিনার ’৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা একথা বলেন। কাতার বিতর্কে ফিফার ঘুষ নেয়ার খবর প্রকাশিত হলে ‘হ্যান্ড অফ গড’ গোলের মালিক বলেছিলেন, ফিফা সম্পূর্ণরূপে একটি নৈতিকতা বিরোধী প্রতিষ্ঠান। তিনি অনেক দিন আগে থেকে এ বিষয়ে বললেও তার কথায় গুরুত্ব দেননি কেউ। -গোল ডট কম অবলম্বনে