হয়রানিমুক্ত এনআইডি সেবা দিতে ইসির নির্দেশ

জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি

ইত্তেফাক রিপোর্ট

নাগরিকদের হয়রানি ছাড়াই জাতীয় পরিচয়পত্র সেবা দিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন স্থানে পরিচয়পত্র বিষয়ে সেবা প্রদানে নানা হয়রানি ও দীর্ঘসূত্রিতার অভিযোগের প্রেক্ষাপটে কমিশন থেকে তিন দফা এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ইদানিং কিছু কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিষয়ে সেবা প্রার্থীকে যথাযথ সেবা প্রদান না করা, তাদেরকে হয়রানি করা বা অহেতুক গড়িমসির আশ্রয় নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সেবা প্রার্থী যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এ বিষয়টি নিশ্চিত করতে হবে। সেবার জন্য এলে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

চিঠির তিন দফা নির্দেশনায় বলা হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করা হলে প্রয়োজনীয় সকল ডকুমেন্টসহ তিনদিনের মধ্যে তা আপলোড করতে হবে। ডকুমেন্ট বারবার চাওয়া যাবে না। কোনো ডকুমেন্ট দরকার হলে সুস্পষ্ট করে স্লিপের মাধ্যমে চাইতে হবে। তদন্তে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে উপজেলা থেকে দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে জেলায় পাঠাতে হবে। জেলা থেকে প্রিন্ট করে ৭ দিনের মধ্যে ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।

চিঠিতে উপজেলা নির্বাচন অফিসারকে তার আওতাধীন কর্মচারীদের কার্যক্রম, জেলা অফিসারকে তার আওতাধীন উপজেলাগুলোর কার্যক্রম এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে তার আওতাভুক্ত জেলাসমূহের কার্যক্রম মনিটর করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

০