আয়-ব্যয়ের হিসাব দিতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি

নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমার তাগিদ দিয়ে পত্র দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমাদানের জন্য সময়সীমা বেঁধে দিয়ে আগামী সপ্তাহে এই চিঠি পাঠানো হচ্ছে। কমিশনে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে ৪০টি দলের সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর চিঠি পাঠানো হবে। তবে প্রতিবছর কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে হিসাব জমা দিচ্ছে না দলগুলো। এদিকে, দশম জাতীয় সংসদের নির্বাচনী ব্যয় জমা না দেয়ায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ইসি। রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয় জমা প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, প্রতি বছরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য তাগিদ দেয়া হয়। তবে হাইকোর্টের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। ফলে ওই দলটি বাদে বাকি ৪০টি দলকে চিঠি দেয়া হবে। ইসি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে। কমিশন থেকে রাজনৈতিক দলগুলো আয়-ব্যয়ের হিসাবের ফরম দেয়া হয়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেয়ার ক্ষেত্রে প্রতিটি খাতের সুনির্দিষ্ট বিতরণ তারিখসহ উল্লেখ করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকেই প্রতি বছর ৩১শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের হিসাব কমিশনে জমা দেয়া বাধ্যতামূলক। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারায় বলা হয়েছে, কোন নিবন্ধিত দল পরপর তিন বছর তথ্য দিতে ব্যর্থ হলে কমিশন সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করতে পারবে। জাপাকে ইসির জরিমানা দশম জাতীয় সংসদে নির্বাচনী ব্যয়ের হিসাব যথাসময়ে না দেয়ায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপাকে দশ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি চিঠি দু-একদিনের মধ্যে জাতীয় পার্টির কাছে পাঠানো হচ্ছে। খসড়া চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার বিধান রয়েছে। প্রথম দফা সময় শেষ হবার পরেও কোনো দল হিসাব জমা না দেয়ায় দ্বিতীয় দফা সময়সীমা একমাস বাড়ানো হয়। গত ৪ জুন ছিল হিসাব জমা দেয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে নির্বাচনে অংশ নেয়া ১২টি দলের মধ্যে ১১টি দল তাদের হিসাব জমা দেয়। জাতীয় পার্টি এ সময়ের মধ্যে হিসাব জমা না দেয়ায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।