একসঙ্গে চার সন্তান ভূমিষ্ঠ

বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মঙ্গলবার দুপুরে ওই চার শিশুর জন্ম হয়। এর মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। তবে জন্ম নেওয়া শিশুদের স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছে। প্রসূতি ও তার সন্তানেরা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিত্সক। বগুড়া শহরতলীর গণ্ডগ্রামের মোটর গ্যারেজের কর্মী রায়হান আলীর স্ত্রী জেবা খাতুন (২০) এই চার সন্তানের জন্ম দেন। হাসপাতালের গাইনি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. তানিয়া ফেরদৌসী জানান, নির্ধারিত সময়েই ওই প্রসূতি চার সন্তানের জন্ম দিয়েছেন। তিনি প্রায় দু’ঘন্টার ব্যবধানে পরপর চারটি সন্তান প্রসব করেন। প্রথম জন্ম নেওয়া শিশুটির ওজন মাত্র ১ কেজি ২শ’ গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় ভূমিষ্ঠ শিশুর প্রত্যেকের ওজন ১ কেজি ৩শ’ গ্রাম এবং সর্বশেষ শিশুটির ওজন মাত্র ১ কেজি। তাদের হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নবজাতক ওই চার শিশুর দাদী হালিমা বেগম জানান, ভালোভাবে সন্তান প্রসব হওয়ায় পরিবারের সকলেই খুশি। নবজাতকদের পিতা রায়হান আলী নিজেকে সৌভাগ্যবান দাবি করে বলেন, ‘আল্লাহ্র রহমতের দান। আমি বেজায় খুশি। আমার স্ত্রী ও সন্তানেরা যেন ভালো থাকে সেজন্য সকলের দোয়া কামনা করছি।’