শিবালয়ে ২৫০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা

আগামীকাল বৃহস্পতিবার রাতে শুরু হচ্ছে ফুটবলের মহাউত্সব। প্রিয় দলের প্রতি বিভিন্নভাবে ভালবাসার প্রকাশ ঘটাচ্ছেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া ৩২টি দলের মধ্যে এদেশে কম-বেশি প্রায় সব দলেরই সমর্থক রয়েছে। তাই খেলা শুরুর আগে নানা বিষয়ে উত্তেজনা, উন্মাদনা, উত্কণ্ঠার যেন কমতি নেই। সমর্থকরা দলের পতাকা টানানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। বাড়ির আঙ্গিনা, দোকান-পাট, অফিস-আদালত, গাছ ইত্যাদি স্থানে পতাকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পতাকা টানানোর স্থান হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর পার্শ্বে নির্মিত সুউচ্চ বিদ্যুত্ টাওয়ার বাদ যায়নি। ন্দ জানা গেছে, প্রায় ২৫০ ফুট উঁচু এই টাওয়ারের শীর্ষে সপ্তাহখানেক আগে ব্রাজিলের স্থানীয় কয়েক সমর্থক ঢাউশ আকৃতির একটি পতাকা বাঁশে বেঁধে টানিয়ে দেয়। এ দেখে আর্জেন্টিনা দলের সমর্থকরাও তার উপরে পতাকা টানিয়ে দেয়। এলাকাবাসী ও দূর-দূরান্তের মানুষ এ পতাকা দেখে বিস্ময় প্রকাশ করছে। ধামইরহাট ( নওগাঁ) সংবাদদাতা জানান:ধামইরহাট পৌরসভা, উপজেলা শহর থেকে প্রত্যন্ত পল্লী এলাকায় উড়ছে বিভিন্ন দেশের পতাকা। বাড়ি-ঘর, দোকান পাট ও যানবাহনে শোভা পাচ্ছে বিশ্বকাপের বিভিন্ন দলের পতাকা।