ধানমন্ডিতে স্কুল ছাত্র আয়াজ হত্যা
সিটি কলেজের দুই ছাত্র ৫ দিনের রিমান্ডে
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:৫৬
রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় গভ. ল্যাবরেটরী স্কুলের মেধাবী ছাত্র আয়াজ হক (১৬) হত্যার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা সিটি কলেজের দুই ছাত্রকে রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নেয়া দুই ছাত্র হলো ইনজামামুল ইসলাম জিসান (২০) ও তৌহিদুল হাসান (১৭)।
ধানমন্ডি থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, ফুটবল খেলা আয়োজনের জন্য কমিটি গঠন নিয়ে বিবাদে গত সোমবার বিকালে ঝিগাতলা বাসস্ট্যান্ডের কাছে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে প্রাণ হারায় আয়াজ। ঐ ঘটনার পর সন্দেহভাজন হিসাবে ৯ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে জিসান ও তৌহিদুলের সঙ্গে এ হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়। জিসান ও তৌহিদ ঢাকা সিটি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার জিসান ও তৌহিদকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠালে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।