চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত তিন
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:৫৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সংঘর্ষ এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে।
গত সোমবার বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন বগি ভিত্তিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও কনকর্ড এর জুনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে ভিএক্স এর কর্মীরা চবি ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত চৌধুরী মহসিনকে মারতে যায়।
এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতারা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এতে মহসিনসহ পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মামুন ও সহ-সম্পাদক আনোয়ার হোসেন রকি আহত হন। আহতরা সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের অনুসারী।