বিশ্বকাপ নিয়ে গান

বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল। এই খেলার মূল আবেগটা টের পাওয়া যায় বিশ্বকাপে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ফুটবলের এ মহা আয়োজনের উন্মাদনার মাতাল হাওয়া লাগে বাংলাদেশেও। বিশ্বকাপ এলেই বাহারি সব পতাকায় রঙিন হয়ে উঠে বাড়ির ছাদ, গাছের মগডাল। জার্সিতে রঙিন হয় পথ-ঘাট-ক্যাম্পাস। তবে বিশ্বকাপে গানের ভূমিকাটাও কম নয়। বিশ্বকাপ নিয়ে নিত্যনতুন গান বাঁধতে দেখা যায় শিল্পীদের। সেই ধারাবাহিকতায় এবারের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গান বেঁধেছেন বেশ কজন তারকা শিল্পী। তারা গানে গানে প্রকাশ করেছেন ফুটবলের প্রতি তাদের ভালোলাগা আর ভালোবাসা। লিখেছেন লিমন আহমেদ ছোটবেলা থেকেই ব্রাজিলের অন্ধ সমর্থক দেশের লিজেন্ড ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু। এবার প্রিয় দলের দেশেই বসছে বিশ্বকাপের আসর। তাই আগ্রহটা একটু বেশিই। ফুটবলের প্রতি নিজের এই আগ্রহ প্রকাশ করতেই এবি তৈরি করেছেন ‘দোল লাগে দোল লাগে, প্রাণে লাগে দোল/পায়ে লাগে ছন্দ, প্রাণে ফুটবল’ এমন কথার শিরোনামে গান। তার গানটির কথা লিখেছেন সাজ্জাদ হোসাইন। বাফুফের আয়োজনে তৈরি এ ফুটবল থিম সং প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘বিশ্বকাপ ফুটবলে তরুণদের এই প্রাণের উত্সবের সাথে নিজের ভাষার একটি গান সম্পৃক্ত রাখতেই এই গানের কাজটি করা। এ সময়ের ক্ষুদে শিল্পীরা গানে কণ্ঠ দিয়েছেন। আশা করছি সকলেরই ভালো লাগবে এই গানটি।’ এদিকে একটু দেরিতে হলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে গান করেছেন আরেক লিজেন্ড সংগীত তারকা বাপ্পা মজুমদার। ‘সম্প্রীতির বন্ধনে খেলছে পুরো বিশ্ব/ফুটবলে মেতেছে সবাই/পেলে-ম্যারাডোনার শিষ্য’—এমন কথায় বিশ্বকাপ ফুটবল নিয়ে গান তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের ৮ জন সংগীতশিল্পী। তারা হলেন—সামিনা চৌধুরী, হাসান আবিদুর রেজা জুয়েল, এলিটা করিম, কনা, জয় শাহরিয়ার, পারভেজ, পূজা ও বাপ্পা মজুমদার। সোহানী হোসেনের লেখা গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। বাপ্পা জানান, নির্মাণ করা হয়েছে গানটির ভিডিওচিত্রও, যা খুব শীঘ্রই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। ফুটবলে মেসির আর্জেন্টিনার সমর্থক এ প্রজন্মের ফোকসম্রাজ্ঞী সালমা। বিশ্বকাপ উপলক্ষে শিল্পী লুত্ফর হাসান ও ভব’র সাথে তিনি গেয়েছেন ‘দোল’ শিরোনামের একটি গান। গানটির কথা ও সুর রচনা করেছেন ভব। গানটির সংগীতায়োজন করেছেন রানা আখন্দ। গানটিতে স্পেনিশ, ইংরেজি ও বাংলা র্যাপ করেছেন অর্ণব। ‘দোল দোল দোল বিশ্বকাপের দোল, বিশ্ব মাতাবে একটা মাত্র গোল’—এমন কথার এ গানটি রেকর্ডিংয়ের পরপরই এর ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন ইমরুল কায়েস উদয়। এরই মধ্যে বিভিন্ন চ্যানেলে অনএয়ারও শুরু হয়েছে গানটির। আর ফুটবলের বিশ্বকাপে গান করতে পেরে বেজায় খুশি জনপ্রিয় গীতিকার-গায়ক শফিক তুহিন। বাঁশি থেকে শুরু করে ট্রফি পর্যন্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত প্রায় সব কটি শব্দ ব্যবহার করা হয়েছে গানটির কথায়। রাফির সংগীত পরিচালনায় গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। এরই মধ্যে গানটি নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। পরিচালনা করেছেন ইলান। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে মিউজিক ভিডিওটি। ফুটবল বিশ্বকাপ এলেই মাতে বিশ্ব। এটাই সত্য। কেননা ফুটবল বিশ্বকাপ শুধুই একটি টুর্নামেন্টই নয়, এর মহত্ত্ব লুকিয়ে আছে বিশ্বভ্রাতৃত্বে, সৌহার্দ্যে। বিশ্বকাপ মানে এক মিলনমেলা। সেই মেলায় নেই সাদা-কালোর ভেদাভেদ। নেই ধনী-গরিবের ব্যবধান। সারা বিশ্বই মিলেমিশে হয়ে ওঠে একটি গ্রাম। ফিফা ওয়ার্ল্ডকাপ-২০১৪ উপলক্ষে নির্মিত ‘বিশ্বকাপে বিশ্বমাতে’ শিরোনামের নতুন গানে এই কথাগুলোই যেন বলতে চেয়েছেন গীতিকার মাহবুবুল এ খালিদ। আর সেই কথাগুলোকে সুরে বেঁধেছেন রোমান ও কিশোর দাশ। সাম্বার দেশে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তাই সেই অঞ্চলের সুরকে এ গানে ধরার চেষ্টা করেছেন দুই সুরকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান, পূজা, কিশোর ও রন্টি দাশ। অন্যদিকে ‘ফান্দে পরিয়া বগা কান্দে’ শিরোনামের গানের মধ্য প্রথম সংগীতাঙ্গনে আলোচনায় আসে ‘বাংলা মেন্টালজ’ ব্যান্ড। সম্প্রতি ফুটবল বিশ্বকাপ নিয়ে তারা তৈরি করেছে নতুন একটি গান। গানের শিরোনাম ‘ইটস টাইম ফর ফুটবল’। তাসিনের লেখা ও সচি সম্যাসের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী জুবু, সামির ও তাসিল। এছাড়া আরও বেশ কজন শিল্পী-সংগীত পরিচালক ফুটবল বিশ্বকাপ নিয়ে গান তৈরি করছেন। তাদের সেসব গান এখনও বাজারে না এলেও বিশ্বকাপ চলা সময়েই প্রকাশ হতে পারে।