এবার লা লা লা
প্রকাশ : ১১ জুন ২০১৪, ১৯:২৬
ফুটবল বিশ্বকাপ ২০১৪। এই আসরকে ঘিরে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবলের আবহ ছড়িয়ে পড়েছে। এই আবহ থেকে বাদ যায়নি আমাদের দেশও। তবে এবারের বিশ্বকাপের থিম সঙটিকে ঘিরে সবারই আগ্রহ ছিল বেশ তুঙ্গে। কারণ, গত আসরে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ থিম সঙটি অর্জন করেছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা। এবারের থিম সং ছিল ‘উই আর দ্য ওয়ান’—পিটবুল ও জেনিফার লোপেজের। কিন্তু সেসব ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেলেন শাকিরা। আবারও মাতালেন বিশ্বমঞ্চ। জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
বিশ্বকাপ
আসরের সব থিম সঙকে জনপ্রিয়তার বিচারে ছাড়িয়ে যায় ‘ওয়াকা ওয়াকা’। এই গানটি ইউটিউবে দেখেছে ৫০ লাখেরও বেশি দর্শক। তবে এবারের বিশ্বকাপ ফুটবল আসরের থিম সঙ ‘ওলে ওলা’ গেয়েছেন জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয় লেইতে। ধারণা করা হচ্ছিল, বিশ্বনন্দিত পপ গায়িকা জেনিফার লোপেজের কণ্ঠে এবারের গানটি ঝড় তুলবে ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু তেমনটা হয়নি। শাকিরার ‘ওয়াকা ওয়াকা’কে ছাড়িয়ে যেতে পারেনি। জনপ্রিয়তার দিকেও শাকিরার থেকে পিছিয়ে গেলেন তারা।
এদিক থেকে শাকিরার কাছে হার হয়েছে জেনিফার লোপেজের। শুধু তাই নয়, ‘ওলো ওলা’ গানটি শুনে হতাশ হয়েছেন অনেকে। শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র পর আরও ভালো কিছু আশা করা হয়েছিল এবার। কিন্তু তেমনটি হয়নি। হয়েছে উল্টো। ব্রাজিলের ফুটবল ভক্তরা এর বিরোধিতাও করেছেন। এবারের আসরের স্বাগতিক এই দেশে এত জনপ্রিয় শিল্পী থাকতে কেন লোপেজ ও পিটবুলকে দিয়ে বিশ্বকাপ-সংগীত গাওয়ানো হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বরং এবারের বিশ্বকাপ উপলক্ষে শাকিরার গাওয়া নতুন গান ‘লা লা লা’ এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। মেসি, নেইমার, পিকে, ফ্যালকাও, ফ্যাব্রিগাস, আগুয়েরোর মতো বিখ্যাত ফুটবলাররা রয়েছেন শাকিরার এ গানের ভিডিওতে। তাই জেনিফারের ‘ওলে ওলা’য় নয়, বরং ফুটবলপ্রেমীরা এখনও ভাসছেন শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং ‘লা লা লা’র সুরের মূর্ছনায়। এবার ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওলে ওলা’ বা ‘উই আর ওয়ান’ (আমরা সবাই এক)। কিউবান র্যাপ তারকা পিটবুলের লেখা ও সুরে করা গানটিতে তিনি নিজে, মার্কিন পপ গায়িকা জেনিফার লোপেজ আর ব্রাজিলিয়ান তারকা ক্লডিয়া লেইট্টে কণ্ঠ দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) ভিডিও চিত্র মুক্তি দেওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। তবে যত বেশি সাড়া ফেলার কথা সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি ‘ওলে ওলা’। অথচ গত বিশ্বকাপের অফিসিয়াল থিম সং কলম্বিয়ান গায়িকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পুরো বিশ্বে রীতিমতো ঝড় তুলেছিল। এবার তেমন হয়নি ‘ওলে ওলার’ ক্ষেত্রে। ব্রাজিলের সমৃদ্ধ সংগীত ইতিহাসের প্রতি যথেষ্ট প্রণোদনা জানাতে পারেনি গানটি। অনেকেই অভিযোগ করেছেন ‘ওলে ওলা’র কথাগুলো সস্তাদরের কিছু পদসমষ্টির স্তূপ। তবে একেবারেই ফ্লপ করেনি গানটি, ইউটিউবে অনেক বেশি মানুষ পছন্দ করেছেন এটিকে। আর সে কারণেই আবারও শাকিরার দিকেই নজর গেছে সংগীতপ্রেমী এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের। এবার শাকিরা বিশ্বকাপের জন্য গেয়েছেন ‘লা লা লা’ শিরোনামের একটি গান। আর সেটিই ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বেশি জনপ্রিয় হিসেবে। আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজিত হয়েছিল গতবার। দক্ষিণ আফ্রিকা আয়োজিত বিশ্বকাপের জন্য গানের কথা আর সুরের মায়াবী জাল দিয়ে ঠিকই ছেয়ে ফেলতে পেরেছিলেন শাকিরা। ‘ওয়াকা ওয়াকা... দিস টাইম ফর আফ্রিকা’ ছিল একেবারে সময়োপযোগী একটি গান। আফ্রিকান মানুষদের যেমন নাড়া দিতে পেরেছিল, তেমনি সঙ্গতিপূর্ণ একটি সংগীত হওয়ার কারণে সবার হূদয় ছুঁয়ে যেতেও সময় লাগেনি বেশি। ‘ওলে ওলা’ আর ‘লা লা লা’-এ দুইয়ের মধ্যে এখন বেশি জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে শাকিরার গানটিই। অফিসিয়াল থিম সং বলেই একেবারে খুব খারাপ যাচ্ছে না ‘ওলে ওলা’র বাজারটাও। সাতদিনে ৩০ মিলিয়ন মানুষ এটি দেখেছেন, আর লাইক করেছেন ২ লাখ মানুষ।