গল্প নয় সত্যি
ভালোবাসার ভারে!
প্রকাশ : ১১ জুন ২০১৪, ১৯:২৯
ভালোবাসার ভার সইতে পারাটা যে খুব সহজ কোনো বিষয় নয় এবার সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে প্যারিসের সেইন নদীর ওপর স্থাপিত পন্ট ডেস আর্টস নামের একটি পথচারী পারাপারের সেতু। গেল পাঁচ বছর ধরে অনেকটা প্রচলিত রীতির মতোই এই সেতুটির রেলিংয়ে নিজেদের ভালোবাসার নিদর্শন হিসেবে তালা ঝুলিয়ে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য প্রেমিক-প্রেমিকা। আর প্রতি সপ্তাহ আর প্রতি দিন যোগ হতে থাকা এইসব তালার ভারেই সম্প্রতি ধসে পড়েছে ঐতিহাসিক এই সেতুটির একটি অংশ। শুধু তাই নয়, স্থাপত্য বিশেষজ্ঞরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে মানুষের এই ভালোবাসার ভার সইতে গিয়ে লোহা ও কাঠ দিয়ে তৈরি এই সেতুটির মূল অংশও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মূলত ২০০৮ সাল থেকেই পন্ট ডেস আর্টস নামের এই সেতুটিতে ভালোবাসার মানুষদের এভাবে তালা লাগানোর সূত্রপাত। ঠিক কে, কীভাবে এই রীতির প্রচলন ঘটিয়েছিলেন তা নিয়ে মত ভিন্নতা থাকলেও প্যারিসে ঘুরতে আসা প্রেমিক-প্রেমিকারা বেশ নিষ্ঠার সাথেই তাদের ভালোবাসার দীর্ঘায়ু কামনায় তালা ঝোলানোর কাজটি করে আসছেন। নানা সময়ে এভাবে তালা ঝোলানোর বিরূদ্ধে সরাসরি ও অনলাইনে প্রচারণা চালানো হলেও সেটি নিবৃত্ত করতে পারেনি বিশ্বের হাজারও তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকাকে। এমনকি প্রতি সপ্তাহে শহরের পরিচ্ছন্নতা কর্মীরা হাজার হাজার তালা খুলে সরিয়ে নিয়ে গেলেও সেটি তালা লাগানোর পরিমাণের সাথে পাল¬া দিয়ে পেরে ওঠেনি। আর এভাবেই সেইন নদীর ওপর দিয়ে লেফট ব্যাংক ও লুভর জাদুঘরের মধ্যে সংযোগ স্থাপনকারী শতবর্ষের ঐতিহ্যবাহী এই সেতুটি ক্রমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উল্লে¬খ্য, ভালোবাসার স্থায়িত্ব কামনায় বিংশ শতকে সার্বিয়ার ভিয়াজকা বানজা শহরে প্রথম এ ধরনের তালা লাগানোর রীতি চালু হয় বলে ধারণা করা হয় পরবর্তীতে যা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্য অনেক দেশেও।