ঝুঁকি নিয়ে ৩০ গ্রামের মানুষের পারাপার

নিতাই নদে সেতু নেই

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ধোবাউড়া উপজেলা ঘোষগাঁও ইউনিয়নের নিতাই নদের উপর কালিকাবাড়ি ঘাটে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৩০টি গ্রামের মানুষ পাড়ি দিচ্ছে। ভারতের মেঘালয় থেকে আসা উপজেলার ঘোষগাঁও বাজারের পূর্ব উত্তর দিয়ে প্রবাহিত এই খরস্রোতা নদীর নাম নিতাই নদী।

ঘোষগাঁও ও দক্ষিণমাইজ পাড়া ইউনিয়নের কালিকাবাড়ি, কড়ইগরা, রামসিংহপুর, কাশিপুর, বাগপাড়া, ঘিলাগড়া, ছোট মুন্সীপাড়া, রানীপুর, বল্লবপুর, নয়াপাড়া, ঘোষগাঁও ভালুকা পাড়াসহ ৩০টি গ্রামের হাজার হাজার লোকজন ও শত শত স্কুলের ছাত্রছাত্রী এ ঘাট পাড়ি দিয়ে চলাচল করছে। বিশেষ করে নদীর পাশেই কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।

কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ বলেন, নিতাই নদীর উপর পাকা সেতু না থাকায় ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে আসা খুবই সমস্যা হচ্ছে।

ধোবাউড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু সমীক্ষা (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় যাচাই-বাছাই শেষে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের খসড়া প্রতিবেদন পাওয়ার পর সেতুটির ডিপিপি প্রণয়নের কাজ চলছে। তিনি আরো জানান, সেতুটির নিরীক্ষা চূড়ান্ত করার জন্য গত ২২ মে প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী সোসিও ইকোনমিস্ট পরিবেশবিদসহ প্রকল্প পরিচালক মো. এবাদত আলী সেতুর স্থান কালিকাবাড়ি গোদারাঘাট এলাকা পরিদর্শন করেছেন। তিনি আশা করছেন এ বছর সেতুটি টেন্ডারের কাজ শুরু হবে।