মঞ্চে এক ঘণ্টা

সারাদেশ ফোরাম গত ৫ জুন বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি মিলনায়তনে বসেছিল এক ঘণ্টার আবৃত্তির আসর। সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর মাসিক এ বৈঠকি আবৃত্তি আয়োজনে গতকাল প্রথম পর্বে আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের শিল্পী ইভা চৌধুরী, আলাউদ্দীন মজুমদার এবং স্বপ্নীল বড়ুয়া। ‘মঞ্চে এক ঘণ্টা’ শিরোনামের এ আয়োজনে এই তিনজন তরুণ শিল্পী বিশ মিনিট করে এক ঘণ্টায় বিভিন্ন কবির ২২টি কবিতা পরিবেশন করেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বছরব্যাপী এ আয়োজনটির উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদ সদস্য নাট্যজন সাইফুল আলম বাবু এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। এরপর আয়োজন সম্পর্কে বলেন তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় একক পরিবেশনার শুরুতে আলাউদ্দীন মজুমদার পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ কবিতাটি। এছাড়া তার পরিবেশনায় ছিল নির্মলেন্দু গুণের স্বাধীনতা উলঙ্গ কিশোর, ফজলে লোহানীর একুশের কবিতা, নজরুলের অভিশাপ, সৈয়দ শামসুল হকের আমার পরিচয় এবং আসাদ বিন হাফিজের কষ্টের লোবান। ইভা চৌধুরীর পরিবেশনায় ছিল রামচন্দ্র পালের বর্ষারাতে, নওরোজের বোধ, রবীন্দ্রনাথের কুয়োর ধারে, নজরুলের কবি ও রাণী, শামসুর রাহমানের পান্থজন, হেলাল হাফিজের নাম ভূমিকায় এবং মারুফ রায়হানের সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ। স্বপ্নীল বড়ুয়া পরিবেশন করেন সুবোধ সরকারের দুব্বো, নজরুলের হিন্দু-মুসলমান, পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, আবু হেনা মোস্তফা কামালের ছবি, প্রতুল মুখোপাধ্যায়ের বাংলার গান গাই, রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম এবং হুমায়ুন আজাদের শুভেচ্ছা। সবশেষ শিল্পীত্রয় কবি নির্মলেন্দু গুণের ক্ষেতমজুরের কাব্য কবিতাটির বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে তাদের ঘণ্টাব্যাপী পরিবেশনা শেষ করেন। উল্লেখ্য ‘মঞ্চে এক ঘণ্টা’ শিরোনামে তারুণ্যের উচ্ছ্বাসের নিয়মিত এ আয়োজনটির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই বিকাল ৪টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। এতে একক পরিবেশনায় থাকবেন সংগঠনের শিল্পী মিঠু তলাপাত্র, সুস্মিতা দত্ত এবং অনির্বাণ চৌধুরী।