‘ধ্রুমেল’-এর বর্ষপূর্তি

মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্যদিয়ে উপমহাদেশী সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা ও মণিপুরী থিয়েটারের পরিচালনায় মণিপুরী নৃত্য প্রশিক্ষণ প্রকল্প “ধ্রুমেল”-এর বর্ষপূর্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ৮টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমী অডিটরিয়ামে ধ্রুমেল প্রকল্পের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার শ্রীসন্দীপ চক্রবর্তী। মণিপুরী নৃত্যকে জাতীয় সংস্কৃতির সাথে সমন্বিত করে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরার লক্ষে সাধনা ও মণিপুরী থিয়েটারের উদ্যোগে তিন বছর মেয়াদি ধ্রুমেল নৃত্য প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের বর্ষপূর্তিতে শুক্রবার রাতে মণিপুরী ললিতকলা একাডেমিতে প্রশিক্ষণে সাধনার প্রধান নির্বাহী সাধনা মরিয়াম, আহ্বায়ক সমরজিত সিংহ ও মণিপুরী থিয়েটারের প্রধান শুভাশিষ সিনহার স্বাগত বক্তব্যের পর অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি পর্বের প্রথমে সুইটি দাস চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় নর্তনসারি গীতনৃত্য। দ্বিতীয় পর্বে বিধান সিংহের পরিচালনায় মহিলা শিল্পীদের অংশগ্রহণে করতাল সহযোগে ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যগান খুবাকুশি পরিবেশন করা হয়। তৃতীয় পর্বে ভারতের কলকাতার শিল্পী ব্রজেন সিংয়ের পরিচালনায় ও অংশগ্রহণে পরিবেশিত হয় মৃদঙ্গ চলউ মন। এ পর্বে মণিপুরী পুরুষ শিল্পীরা তাদের প্রধান বাদ্য মৃদঙ্গের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শনের সাথে শারীরিক মুদ্রা প্রদর্শন করে উপস্থিত সহস্রাধিক দর্শকদের মুগ্ধ করেন। ধ্রুমেল প্রকল্পের বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও মৌলভীবাজার সদরের সাবেক সাংসদ নাসের রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ৩০ জন মণিপুরী শিশু কিশোর শিল্পীদের মাঝে সনদ প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে সকল অতিথিদের সাথে প্রধান অতিথি ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার শ্রীসন্দীপ চক্রবর্তী বলেন, মণিপুরী শিল্পীদের এ আয়োজন এত সমৃদ্ধ যে তিনি না দেখলে ভাবতেই পারতেন না। সংস্কৃতি সমৃদ্ধ করে দুই দেশের সংস্কৃতি বিনিময় করে দুই দেশের সম্প্রীতি আরও সুদৃঢ় করা যাবে। এ প্রকল্পে ও মণিপুরী থিয়েটারের আয়োজনকে ভারতীয় দূতাবাস সার্বিক সহায়তা প্রদান করবে।