ভোগান্তিতে এলাকাবাসী
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী শহরের আদম মার্কেট জিরো পয়েন্ট থেকে থানা গেট ও জছিমিয়া স্কুল পর্যন্ত সড়কের উপরের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর গর্তে ভরা সড়কে জলাবদ্ধতা হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা সদরে ঢোকার বিকল্প রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসী। ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছর ধরে থানা সংলগ্ন পরিত্যক্ত হেলিপ্যাডটি রাজধানীগামী কোচ স্ট্যান্ড হিসাবে ব্যবহূত হওয়ায় এই সড়ক দিয়েই দূরপাল্লার বাসগুলো চলাচল করছে। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের গর্তগুলো বড় বড় গর্তে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ফলে ওই পথে চলাচলকারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা উপজেলার প্রাণকেন্দ্রের একমাত্র সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. আসিফ ইকবাল রাজিব জানান, এ মুহূর্তে সড়কটি সংস্কারের বরাদ্দ নেই। আগামী অর্থবছরে বরাদ্দ আসলে সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।