বড় কোম্পানির প্রভাবে সূচক বেড়েছে শেয়ারবাজারে
প্রকাশ : ১১ জুন ২০১৪, ২০:৫৩
গতকাল বুধবার শেয়ারবাজারের সূচক ও লেনদেন বেড়েছে। বড় মূলধনী কোম্পানি ও মধ্যম আকারের মূলধনী কোম্পানিগুলোর দর বাড়ায় বাজারে সূচক বেড়েছে। বড় মূলধনী কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় ১ শতাংশ। আর মধ্যম আকারের মূলধনী কোম্পানিগুলোর দাম বেড়েছে এক শতাংশের কিছুটা কম। এদিকে গত ৬ কার্যদিবস ধরে টানা চারশ’ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। প্রধান খাতগুলোর মধ্যে টেলিযোগাযোগ খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। আর দর হ্রাসের ক্ষেত্রে শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ৭৫ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৩৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ কোটি ৮৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হবে আগামী রবিবার থেকে। বিনিয়োগকারীরা আগামী ১৯ জুন পর্যন্ত আইপিও আবেদন জমা দিতে পারবেন। প্রবাসী বিনিয়োগকারীরা (এনআরবি) এ কোম্পানির আইপিওতে আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। কোম্পানির তত্ত্বাবধানে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার হলরুমে ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৭ টাকা প্রিমিয়ামসহ এ শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। মার্কেট লট ২০০টি শেয়ারে। কোম্পানিটি আইপিওতে ২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে।