সলিমগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহক হয়রানি
প্রকাশ : ১১ জুন ২০১৪, ২১:১৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন সলিমগঞ্জ বাজারে অগ্রণী ব্যাংকের একটি শাখা রয়েছে। আশপাশের প্রায় ২০/২৫টি গ্রামের লোকজন এই ব্যাংকে লেনদেন করে থাকে। কিন্তু এই শাখায় গ্রাহকসেবা অত্যন্ত নিম্নমানের। প্রতিদিন শত শত গ্রাহক তাঁদের আমানতের টাকা তুলতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। প্রায়ই ক্যাশ সংকট থাকে। লেনদেনের সময় সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত থাকলেও এই শাখায় দুপুর ১টা বাজার পর লেনদেন বন্ধ হয়ে যয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকগণ টাকা তুলতে না পেরে ফিরে যান। জানা যায়, পর্যাপ্ত স্টাফের অভাবই ঠিকমতো গ্রাহকসেবা না পাবার কারণ। স্টাফ আছেন ৭ জন যেখানে প্রয়োজন ১২ জন। এই সাতজন স্টাফের মধ্যে শীঘ্রই কয়েকজন এলপিআর-এ যাবেন। এ অবস্থায়, এই অগ্রণী ব্যাংক শাখায় পর্যাপ্ত অফিস স্টাফ প্রদান করে গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মোহাম্মদ বশিরুজ্জামান,
সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ,
সলিমগঞ্জ কলেজ,
সলিমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া