নিজেদের হামলায় আফগানিস্তানে পাঁচ মার্কিন সেনা নিহত
প্রকাশ : ১১ জুন ২০১৪, ২১:১৬
আফগানিস্তানের জাবুল প্রদেশে ভুল করে চালানো আন্তর্জাতিক বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত হয়েছেন।
সোমবার দক্ষিণ আফগানিস্তানের আরঘান্দাব জেলায় তালেবান জঙ্গিদের সঙ্গে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি আয়াসিসটেন্স ফোর্সের (আইএসএএফ) সংঘর্ষ হয়। এ সময় তাদের সাহায্য করতে যাওয়া বিমান থেকে ভুলবশত হামলা চালানো হয় বলে আফগান পুলিশ ও পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয় পুলিশ প্রধান শেখ রগলেওয়ানি বলেন, নিহত পাঁচজনই আমেরিকার সেনাবাহিনীর সদস্য। তালেবান জঙ্গিদের আক্রমণের শিকার হয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযান চালানোর পর চৌকি ফেরার পথে নিজেদের ভুল বিমান হামলার শিকার হন তারা। তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমেদি বলেন, তাদের যোদ্ধারা বিদেশি সৈন্যদের বিরুদ্ধে একটি আক্রমণ চালিয়েছিল। এ সময় তাদের একটি হেলিকপ্টারও সংঘর্ষে যোগ দেয় এবং ভুল করে নিজেদের ওপর হামলা চালিয়ে বসে।