বিভিন্ন স্থানে পাঁচ খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ঝিনাইদহে দুজন খুন ঝিনাইদহ সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে সিরাজুল ইসলাম ওরফে রিন্টু মুন্সি (৪৫) নামে এক কসমেটিকস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সিরাজুল ইসলাম আওয়ামী লীগ কর্মী বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, কুশোবাড়িয়া বাজার থেকে মোটর সাইকেলযোগে রিন্টু মুন্সি ও তার বন্ধু আব্দুল মজিদ বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে রিন্টু গুলিবিদ্ধ হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। মজিদও সন্ত্রাসীদের আঘাতে আহত হন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের মাঠ থেকে গতকাল বুধবার সকালে ইউনুস আলী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার এস আই সালাউদ্দিন জানান, গত রবিবার সন্ধ্যায় কে বা কারা মোবাইল ফোন করে তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে ৪ হাজার টাকা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ছিল। দুর্বৃত্তরা হত্যার পর এগুলো নিয়ে যায় বলে পুলিশ জানান। গাজীপুরে ডাকাতদের হামলায় বৃদ্ধা খুন গাজীপুর মহানগরীর হাতিয়াব গ্রামে গত মঙ্গলবার রাতে ডাকাতিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারা বেগম (৫৫) নামে একজন খুন হয়েছেন। এ সময় ডাকাতরা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। জয়দেবপুর থানার এসআই বাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রূপগঞ্জে নারীর লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে জহুরা খাতুন (৫৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এলাকায় ভাঙ্গারী জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করতেন। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা কে বা কারা হত্যার পর লাশ গুতিয়াবো নামাপাড়া এলাকায় ফেলে গেছে। মীর্জাগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার সোনাপুরা গ্রামে নিখোঁজের ৩ দিন পর গতকাল বুধবার সকালে নগেন চন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মীর্জাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।