তালায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২৪ জন আহত

সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামে গতকাল বুধবার ভোরে রাইস মিলের চাতালের বয়লার বিস্ফোরণে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গুরুতর চারজনকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী জামির আলী খাঁ জানান, দু’মাস আগে তিনি একই গ্রামের মোসলেম মোড়লের কাছ থেকে তার রাইস মিলটির চাতাল ভাড়া নেন। মিলে ৩০ জন শ্রমিক ধান সিদ্ধ ও শুকানোর কাজ করে থাকে। ঘটনার দিন বাবর আলী মোড়লের স্ত্রী রোকেয়া বেগম ধান সিদ্ধ করার জন্য বয়লারে পানি ফোটাচ্ছিলেন। ব্রয়লার থেকে ধানের কড়াইতে বাষ্প আসার চাবিটি বন্ধ থাকায় ব্রয়লার ও পাইপ প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। ব্রয়লার ফেটে জামির আলী, রোকেয়া বেগম (৫৫), বেলাল হোসেন ও আব্দুর রাজ্জাক মারাত্মক জখম হন। এ সময় ব্রয়লার হাউজের প্রায় দেড় হাজার ইট বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ইটের আঘাতে ফজলুর রহমান, মোহাম্মদ আলী, ইসলাম হোসেন, জাহিদুল ইসলাম, আবুল হোসেন, কেনা গাজীসহ আরো ২০ জন আহত হন।