গঙ্গায় থুথু ফেললে শাস্তি হবে

ভারতের গঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নতুন সরকার। গঙ্গায় থুথু বা যেকোন ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রস্তাবিত এক আইন অনুযায়ী এখন থেকে গঙ্গায় থুথু, বর্জ্য নিক্ষেপ, পলিথিন ফেলা হলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তিন বছরের কারাদণ্ড অথবা ১০ হাজার রুপি জরিমানা করা হবে। আইনটিতে কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। খবর:জি নিউজের। এ বিষয়ে, কেন্দ্রীয় পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী সম্প্রতি বলেন, গঙ্গা দূষণমুক্ত রাখার জন্য আমরা নতুন ভাবনা ও পরিকল্পনা নিয়ে আসব। অন্যান্য নদীর ক্ষেত্রেও আমরা ‘গঙ্গা মডেল’ নিয়ে কাজ শুরু করতে চাই। লোকসভা নির্বাচনে মোদীর নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল গঙ্গাকে দূষণমুক্ত করা। সরকার গঠনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘গঙ্গার পুনর্যৌবন দান’ বিষয়ক একটি বিভাগ তৈরি করা হয়। পানি সম্পদ মন্ত্রী উমা ভারতীকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।