ভারতীয় প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৬ হাজার রুপি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন ১ লাখ ৬ হাজার রুপি। বার্ষিক ১৯ লাখ ২ হাজার রুপি। বিশ্বে সর্বোচ্চ বেতন পাওয়া ১৫ জন রাজনীতিকের মধ্যে তার স্থান ১২তম। গুজরাটের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বেতনের তালিকা করেছে। এই তালিকা পেচেক ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিকে গতকাল বুধবার লোকসভায় দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে নানা কেলেঙ্কারির যে দুর্নাম আছে তা ঘুচিয়ে একটি দক্ষ এবং সুন্দর ভারত গড়ে তুলতে হবে। তিনি নারীদের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক মূল বেতন ৫০ হাজার রুপি। বাকিটা সংসদ সদস্য এবং ভাতা হিসেবে পান। ভারতের রাষ্ট্রপতির বার্ষিক বেতন ভাতাসহ সবকিছু মিলিয়ে ১৮ লাখ রুপি। সবচেয়ে উপরে আছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তার মাসিক বেতন ১ কোটি ৬ লাখ রুপি। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মাসিক বেতন ১৯ লাখ রুপি। লোকসভায় মোদীর ভাষণ : গতকাল প্রথমবারের মতো লোকসভায় ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিরোধীরা যেন তার সরকারের গঠনমূলক সমালোচনা করেন এবং উন্নয়ন কাজে সরকারকে বিভিন্ন পরামর্শ দেন। প্রধানমন্ত্রী সমাজের সকল অংশের উন্নতির অঙ্গীকার করেন। কারণ সমাজের একটি অংশ পিছিয়ে থাকলে কখনো দেশের প্রকৃত উন্নতি হতে পারেনা। তিনি বলেন, আমি যখন যুবক তখন একটি মুসলিম পরিবারকে দেখেছি তারা সাইকেল মেরামত করে সংসার চালান। ওই পরিবারের পরবর্তী তিন প্রজন্মও একই কাজ করেছেন। কিন্তু সেটা কেন হবে- প্রশ্ন রাখেন মোদী। আমাদের সকলের জন্য কাজ করতে হবে। মোদী উন্নয়ন নিয়ে বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতকাকে সমর্থন করে বলেন, আমাদের প্রতিবেশী দেশ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। অথচ আমাদের দেশে যুবকের সংখ্যা বাড়ছে। মোদী আরো বলেন, একটা দেশে ব্যবসায়ীরা কেবল ডলার আনতে পারে। আর শিক্ষকরা পুরো জাতিকে ঘুরিয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী মোদী ‘ধর্ষণকে রাজনীতিকীকরনের’ বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি ‘ধর্ষণ’ নিয়ে বিশ্লেষণ না করার আহবান জানিয়ে বলেন, নারীদের মর্যাদা নিয়ে খেলা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের মা এবং বোনের সম্মান আমাদেরই রক্ষা করতে হবে।