৯৫ শতাংশ লিচু ও ১০০ শতাংশ জামে ফরমালিন

মৌসুমী ফলে সর্বত্রই ফরমালিনের উপস্থিতি। রসালো এসব ফলের মধ্যে সবচেয়ে বেশি ফরমালিন পাওয়া গেছে জাম এ। শতভাগ জামে এ বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া শতকরা ৯৫ ভাগ লিচু, ৮৭ ভাগ আঙ্গুর, ৬৯ ভাগ মালটা, ৬৬ ভাগ আম ও ৫৯ ভাগ আপেলে ফরমালিন পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে এসব ফলে পরীক্ষা চালিয়ে এই ফরমালিন পেয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বুধবার রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে পবা। ফলসহ খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও এ ধরনের খাদ্যদ্রব্য বিক্রয়কারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পাশাপাশি ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, রাসায়নিক দ্রব্যাদি পরীক্ষা করার জন্য আধুনিক গবেষণাগার স্থাপনের দাবি জানিয়েছে সংস্থাটি। ফরমালিন পরীক্ষার ফলাফল ঢাকা মহানগরে মৌসুমী ফলে ফরমালিনের উপস্থিতি নিরূপণের লক্ষ্যে ১ থেকে ১০ জুন পর্যন্ত আম, লিচু, জাম, আপেল, আঙ্গুর ও মালটায় পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরীর ৩৫টি এলাকা থেকে আমের ১২৮টি, লিচুর ২১টি, জামের ১৪টি, আপেলের ৩৯টি, আঙ্গুরের ৮টি এবং মালটার ১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এসব ফল বিভিন্ন বাজার ও এলাকা হতে ক্রয় করে পবা কার্যালয়ে ফরমালডিহাইড মিটার দ্বারা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, আমের ১২৮টি নমুনার মধ্যে ৮৪টি নমুনায় ফরমালিনের উপস্থিতি। ৪৪টি নমুনায় ফরমালিন অনুপস্থিত। লিচুর ২১টি নমুনার মধ্যে ২০টি নমুনায় ফরমালিনের উপস্থিতি রয়েছে, যা মোট নমুনার ৯৫.২৪%। জামের ১৪টি নমুনার মধ্যে ১৪টি নমুনায় ফরমালিনের উপস্থিতি রয়েছে, যা মোট নমুনার ১০০ ভাগ। আপেলের ৩৯টি নমুনার মধ্যে ২৩টিতে ফরমালিনের উপস্থিতি রয়েছে, যা মোট নমুনার ৫৮.৯৭%। আঙ্গুরের ৮টি নমুনার মধ্যে ৭টি নমুনায় ফরমালিন পাওয়া গেছে, যা মোট নমুনার ৮৭.৫০ শতাংশ। মালটার ১৬টি নমুনার মধ্যে ১১টি নমুনায় ফরমালিন রয়েছে, যা মোট নমুনার ৬৮.৭৫ শতাংশ। সুপারিশসমূহ খাদ্যদ্রব্যে ফরমালিনের ব্যবহার রোধে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন, রাজনৈতিক বিবেচনা ছাড়াই আইন প্রয়োগে সরকারের পদক্ষেপ গ্রহণ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ এবং আইনের যথাযথ প্রয়োগ, পণ্য আমদানি পর্যায়ে এনবিআর কর্তৃক ফরমালিন পরীক্ষা করার দাবি জানায় পবা। সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরেন পবা’র নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।