ব্লগার রাজীব হত্যার জামিনপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণের আদেশ
প্রকাশ : ১১ জুন ২০১৪, ২২:৫৬
গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আসামি সাদমান ইয়াসির মাহমুদকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বুধবার এই আদেশ দেন।
রাজীব হত্যা মামলায় গত এক জুন হাইকোর্ট সাদমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পরে পাঁচ জুন তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল আপিল বিভাগে আবেদন জানায়। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাদমানের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালতে উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আদেশ স্থগিত করে ১৬ জুন বিষয়টির ওপর শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির কাছে ব্লগার রাজীব হায়দারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ বছরের ২৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ।