ডেসটিনির ৪৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানি লন্ডারিংয়ের (অর্থপাচার) অভিযোগে ডেসটিনির বিরুদ্ধে দাখিল করা পৃথক দু’টি মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটির আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার দিন ধার্য ছিল। মামলা দু’টিতে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ জামিনে থেকে আদালতে হাজিরা দেন। এ সময় তার পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। শুনানি শেষে মো. জহুরুল হক এ মামলার ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। জামিনে থাকা আসামির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেন। এ মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ছাড়াও পরিচালক মো:আকবর হোসেন, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, শফিউল ইসলাম ও শিরিন আকতার বর্তমানে কারাগারে আছেন।