যুক্তরাষ্ট্রে যেতে ভিসার আবেদনই করিনি

যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য নিষিদ্ধ হওয়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। গত দুই আড়াই বছরে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কোনো ভিসার আবেদন করেননি বলেও জানিয়েছেন তিনি। গতকাল একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। দেশটির কালো তালিকার শীর্ষে তার নাম স্থান পেয়েছে। এ কারণেই তাকে ভিসা দেয়া হয়নি। ভিসার আবেদনের বিপরীতে আজীবনের জন্য প্রত্যাখ্যান করার এই তথ্য তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস । এরপর বিষয়টি নিয়ে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন বলে ঐ প্রতিবেদনে বলা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে শামীম ওসমান বলেন, গত দুই-আড়াই বছরে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কোনো ভিসার আবেদন করিনি বা পাসপোর্ট জমা দেইনি। সুতরাং আমাকে সারা জীবনের জন্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এ ধরনের কোনো সিলও আমার পাসপোর্টে নেই। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে সাতজন খুন হওয়ার পর গত ৩০ এপ্রিল লাশগুলো উদ্ধার হয়। ২৯ এপ্রিল আমার বড় ভাই নাসিম ওসমান ভারতে মারা যান। এরপর থেকে আমি তার লাশ দেশে আনা-নেয়া নিয়ে ব্যস্ত ছিলাম। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়টি জানানোরও প্রশ্ন ওঠে না।